সংবাদদাতা, বহরমপুর: রবিবার অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগে লজ্জার হার আরকেএনসিএ-র। তাদের ৩৫৬ রানে পরাজিত করল ওয়াইএমএ। অন্যদিকে, এদিন সিনিয়র ফাস্ট ডিভিশন লিগে নন্দদুলাল রায় ক্রিকেট কোচিং সেন্টারকে ৬ উইকেটে হারাল কাশিমবাজার স্পোর্টস অ্যাকাডেমি। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে একইসঙ্গে বহরমপুরে সিনিয়র ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ ও অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগ চলছে। অনূর্ধ্ব-১৩ লিগে এদিন প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ওয়াইএমএ ৪০৩ রান তোলে। ওয়াইএমএর প্রণয়দেব মণ্ডল ৭২ বলে ৭৫ রান করে। বল হাতে ওয়াইএমএর ঋত্বিক প্রামাণিক ছ’ওভার বল করে চার উইকেট পায়। সিনিয়র ফার্স্ট ডিভিশন লিগে প্রথমে ব্যাট করে নন্দদুলাল রায় দল ৩৭ ওভার খেলে ১০ উইকেট হারিয়ে ১১৬ রান তোলে। ২৩ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য ১১৭ রান সংগ্রহ করে কাশিমবাজার স্পোর্টস অ্যাকাডেমি। সিএসএর সবুজ সরকার ও সায়ন রায় দু’জনেই ব্যক্তিগত ৩৮ রান করে করেন।



