নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: চলতি বছরের ২৬ মার্চ জগদ্দলের মেঘনা মিল গেটে ব্যাপক গন্ডগোল হয়েছিল। সেদিন তাঁর বাড়ির সামনে বোমা-গুলি চালানোর অভিযোগ করেছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। যদিও ওই ঘটনায় পুলিশ অভিযোগ নেয়নি। উল্টে নমিত সিং অর্জুন সিংয়ের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছিলেন। পুলিশের পক্ষপাতিত্বের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সাংসদ। গত ২৪ অক্টোবর উচ্চ আদালত রায় দিয়েছে এফআইআর নিতে হবে এবং সিট গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। আদালতের নির্দেশ মতো বুধবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করতে আসেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অভিযোগ দায়ের করে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সিটের প্রতি তাঁর আস্থা নেই। কেন্দ্রীয় তদন্তের দাবিতে তাঁরা হাইকোর্টে আবেদন করবেন। প্রসঙ্গত, বারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মাকে সিটগঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।



