নিজস্ব প্রতিনিধি, বরানগর: ‘বাঁচার জন্য অস্ত্র ধরতে হবে হিন্দুদের!’—রবিবার বিজেপি নেতা অর্জুন সিংয়ের এহেন মন্তব্যকে ঘিরে বারাকপুর শিল্পাঞ্চলে জোর বিতর্ক শুরু হয়েছে। ‘বঙ্গীয় সেনা’ কর্মসূচিতে তিনজনের হাতে ধারালো অস্ত্রও তুলে দেওয়া হয়। এলাকায় উত্তেজনা সৃষ্টির অভিযোগে এই বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে রাজ্যের শাসক দলের তরফে।
রবিবার ইছাপুর বাদামতলায় বিজেপির বঙ্গীয় সেনার এক অনুষ্ঠানে এসে অর্জুন সিং এই বিতর্কিত মন্তব্য করেন। বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘বঙ্গীয় সেনা তৈরি হয়েছে দেশ ও সমাজকে রক্ষা করার জন্য। নিজেদের ছবি তোলার জন্য নয়। ছবি তুলে আপনি বাংলার হিন্দুদের বাঁচাতে পারবেন? মানসিক উৎসাহ দিতে আমরা বঙ্গীয় সেনার তিনজনকে অস্ত্র তুলে দিচ্ছি। কেন আপনাকে অস্ত্র দিতে হবে? আপনি জামা-প্যান্ট কিনছেন না? পরিবারের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচও করছেন। আর পরিবারকে বাঁচাতে অস্ত্র কিনবেন না? কাছে অস্ত্র রাখবেন না? আপনাকে বাঁচাতে মোদিজি, অমিত শাহ আসবেন? আগে নিজেকে বাঁচতে হবে। তখন দেখবেন পাশে অনেকে দাঁড়িয়ে গিয়েছে।’ অর্জুনবাবুর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, বারবার দল পরিবর্তন বারাকপুরে তাঁর গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। হারানো জমি ফিরে পেতে তিনি মেরুকরণকেই ভরসা রাখছেন। যদিও পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেন, ‘আমি কাউকে মারতে বলছি না। কিন্তু কেউ মারতে এলে তৈরি থাকার জন্য বলেছি। তাই ১০০ শতাংশ অস্ত্র রাখতে হবে।’ অর্জুনের পালটা, জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ‘উনি মানসিকভাবে বিধ্বস্ত। অনেকদিন ধরেই ভুলভাল বকছেন। এদিনের
মন্তব্যের জন্য ওঁকে অবিলম্বে গ্রেফতার করা উচিত।’