মধ্যরাতে ধাবা থেকে বেরোতেই অনুরাগীদের ভিড়, হাসিমুখে দৌড়ে গাড়ি ধরলেন অরিজিৎ সিং!
  • ৩০ অক্টোবর, ২০২৬ ১৭:৩৭
Prefer us on Google

যার গলার জাদুতে বুঁদ গোটা বিশ্ব, যিনি কোটি কোটি যুবহৃদয়ের স্পন্দন— সেই অরিজিৎ সিং বরাবরই প্রচারের আলো থেকে একশো হাত দূরে থাকতে ভালোবাসেন। কিন্তু তারকার খ্যাতি এমন, যা থেকে পালিয়েও নিস্তার নেই! সম্প্রতি তার প্রমাণ মিলল ফের একবার। বৃহস্পতিবার মধ্যরাতে মুর্শিদাবাদের এক সাধারণ ধাবা থেকে বেরোনোর সময় অনুরাগীদের উপচে পড়া ভিড় এড়াতে রীতিমতো দৌড় লাগাতে বাধ্য হলেন তারকা গায়ক। আর সেই মুহূর্তের ভিডিও এখন ঝড়ের বেগে ভাইরাল সমাজমাধ্যমে।

Advertisement

ঘটনাটি বৃহস্পতিবার মধ্যরাতের নবগ্রামে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি নামী ধাবায় নৈশভোজ সারতে গিয়েছিলেন অরিজিৎ। পরনে ছিল অত্যন্ত সাদামাঠা টি-শার্ট ও প্যান্ট। সঙ্গে ছিলেন তাঁর ক’জন ঘনিষ্ট সঙ্গী। জাঁকজমক বা তারকাসুলভ অহংকার তো দূরের কথা, সাধারণ মানুষের মতো ধাবায় বসে সাধারণ খাবার খেতেই ভালোবাসেন জিয়াগঞ্জের এই ‘মাটির মানুষ’।
কিন্তু ঘড়ির কাঁটায় তখন গভীর রাত হলেও হঠাৎই কোকড়া ঝাকড়া চুলের অরিজিৎকে দেখে এক ব্যক্তি চিনতে পেরে যান গায়ককে। মুহূর্তে চাউর হয়ে যায় খবর। নিমেষেই মোবাইল ক্যামেরার ফ্ল্যাশলাইট জ্বলতে শুরু করে এবং চারপাশ থেকে ঘিরে ধরেন অনুরাগীরা। সবার একটাই আবদার— “দাদা, একটা মাত্র সেলফি!” কিংবা “অরিজিৎদা, একটু দূর থেকেই ছবি তুলব!”
ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি বুঝে এক মুহূর্তও সেখানে আর দাঁড়াননি গায়ক। নিজস্বী তুলতে বা ক্যামেরার সামনে পোজ দিতে বরাবরই তাঁর চরম অনীহা। তাই বারবার হাত জোড় করে ‘না’ বলতে বলতে হঠাৎই হাসতে হাসতে দৌড় শুরু করেন তিনি। তাঁর সঙ্গে থাকা সঙ্গীরাও হাতে খাবারের প্যাকেট নিয়ে কোনোমতে ধাবার সামনে পার্কিং এলাকা পেরিয়ে দ্রুত গিয়ে ওঠেন কিছু দূরেই রেখে আসা নিজের গাড়িতে। মাত্র কয়েক সেকেন্ডের এই পুরো দৃশ্যটিই মোবাইল বন্দি হয়, যা পরে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
সঙ্গীত জগতের শিখরে পৌঁছেও অরিজিৎ সিংহ যে আজও রূপোলি পর্দার চকমকি আলো থেকে দূরে, মুর্শিদাবাদের ধাবায় বসে সাধারণ মানুষের মতো রুটি-তড়কা খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন— এই ঘটনা যেন তারই এক জীবন্ত দলিল। গলার জাদুতে যিনি বিশ্বজয় করেছেন, তিনি ক্যামেরার ফ্ল্যাশ থেকে বাঁচতে হয়তো এ দিন দৌড়ে পালিয়েছেন, কিন্তু অনুরাগীদের হৃদয়ে তাঁর এই সরলতা আরও একবার গভীর ছাপ রেখে গেল। দেখুন সেই ভিডিও।