Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অরিজিতের সুরের মূর্ছনায় মেতে উঠতে পারে ইডেন, আইপিএলের উদ্বোধনে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ানের নাম নিয়ে চর্চা

অরিজিতের সুরের মূর্ছনায় মেতে উঠতে পারে ইডেন, আইপিএলের উদ্বোধনে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ানের নাম নিয়ে চর্চা
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুরু হয়ে গিয়েছে আইপিএলের কাউন্টডাউন। ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচ দিয়ে অষ্টাদশ পর্বের টুর্নামেন্টে ঢাকে কাঠি পড়বে। গতবার খেতাব জিতেছিল কেকেআর। তাই উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল— দুটোই হবে ইডেনে। সেই সঙ্গে থাকছে জমকালো উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান। অর্থাৎ কলকাতার ক্রিকেটপ্রেমীদের এবার পৌষমাস। এক টিকিটে ধন্ধুমার লড়াই দেখার পাশাপাশি থাকবে বলিউড তারকাদের জমজমাট পারফরম্যান্স। শোনা যাচ্ছে, আগামী শনিবার ইডেনে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ঘরের ছেলে অরিজিৎ সিং। তেইশের বিশ্বকাপেও মোতেরায় তিনি মঞ্চ মাতিয়েছিলেন। ইডেনে প্রথমবার তাঁর পারফরম্যান্স দেখার জন্য ভক্তদের মধ্যে ব্যাকুলতা স্পষ্ট। সঙ্গে থাকছেন শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান। স্বাভাবিকভাবেই উদ্বোধনী ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে। সেই সুযোগ কাজে লাগাচ্ছেন কেকেআর কর্তারা। এক ঝটকায় সর্বনিম্ন টিকিটের দাম বাড়িয়ে সাড়ে সাতশো থেকে ৯০০ টাকা করে দেওয়া হয়েছে। অন্য ব্লকের টিকিটের দামও বেড়েছে সমানতালে। তা নিয়ে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্ষোভ স্পষ্ট। সিএবি কর্তারাও উষ্মা প্রকাশ করেছেন। কিন্তু এক্ষেত্রে সিএবি’র কিছু করার নেই। ‘ম্যারেজ হল’ ভাড়া দেওয়ার মতোই ইডেনকে ব্যবহারের সুযোগ দিতে হয়েছে শাহরুখ খানের দলকে। বিনিময়ে মিলছে মোটা অর্থ আর বোর্ডের নিয়মে কয়েক শতাংশ টিকিট। এই নিয়মই চলে আসছে প্রথম থেকে। তবে আচমকা আইপিএলের ম্যাচে টিকিটের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ দেখা দেওয়ায় সিএবি নড়ে বসেছে। শোনা যাচ্ছে, কেকেআরকে নাকি টিকিটের দাম কমানোর অনুরোধ জানাবে বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। সেই প্রয়াস কতটা ফলপ্রসূ হয়, সেটাই দেখার।

Advertisement

উদ্বোধনী ম্যাচে গ্যালারিতে থাকার কথা কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের। ম্যাচের দিন সকালেই তিনি টিম হোটেলে পৌঁছে যাবেন বলে খবর। গতবার তাঁর ভূমিকা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। টিমকে তাতিয়ে তুলতে মাঠে অবতীর্ণ হয়েছিলেন। এবার শ্যুটিংয়ের কাজে ভীষণ ব্যস্ত কিং খান। ফলে সব ম্যাচে ইডেনে তিনি নাও আসতে পারেন। তাই প্রথম ম্যাচে মাঠে থেকে দলকে আগাম শুভেচ্ছা জানাতে পারেন ‘বাজিগর’। টুর্নামেন্টের শুরুতেই নাইটদের সামনে কঠিন লড়াই। প্রতিপক্ষ বিরাট কোহলিদের আরসিবি। অতীত পরিসংখ্যান দিয়ে এবারের বেঙ্গালুরুকে মাপতে গেলে ভুল হবে। পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি দলে দুর্দান্ত ভারসাম্য লক্ষণীয়।  ফলে কঠিন চ্যালেঞ্জ কেকেআরের সামনে।

Advertisement
সম্পর্কিত সংবাদ