Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মেসির অনুপস্থিতিতে টিম গেমই ভরসা আর্জেন্তিনার

বিশ্বকাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্তিনা শিবির কার্যত মিনি হাসপাতাল। পেশির চোটের কারণে লায়োনেল মেসির আগেই ছিটকে গিয়েছিলেন।

মেসির অনুপস্থিতিতে টিম গেমই ভরসা আর্জেন্তিনার
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মন্তেভিডিও: বিশ্বকাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্তিনা শিবির কার্যত মিনি হাসপাতাল। পেশির চোটের কারণে লায়োনেল মেসির আগেই ছিটকে গিয়েছিলেন। পাওলো ডিবালা, গঞ্জালো মন্তিয়েল, জিওভানি লো সেলসোর মতো খেলোয়াড়ও চোটগ্রস্ত। এবার সেই তালিকায় নাম লেখালেন লাওতারো মার্তিনেজ। বুধবার জাতীয় শিবির অনুশীলনের সময় অস্বস্তি বোধ করেন তিনি। কোনওরকম ঝুঁকি না নিয়েই ইন্তার মিলানের স্ট্রাইকারকে রিলিজ করা হয়। ফলে উরুগুয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে দল সাজাতে গিয়ে রীতিমতো কালঘাম ছোটার অবস্থা কোচ লায়োনেল স্কালোনির। এমন পরিস্থিতিতে টিম গেমে ভর করেই বিয়েলসা-ব্রিগেডের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে মরিয়া তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। উল্লেখ্য, ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্তিনা। সমসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে।

Advertisement

কাতার বিশ্বকাপের সাফল্যের রেশ ধরে রেখে গত বছর কোপা আমেরিকা খেতাব ঘরে তোলে আর্জেন্তিনা। গত কয়েক বছর ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে লা আলবিসেলেস্ত-ব্রিগেড। তবে উরুগুয়ের বিরুদ্ধে মেসিদের না থাকাটা বড় ধাক্কা। এমন পরিস্থিতিতে কোচ স্কালোনির বড় ভরসা হতে চলেছেন জুলিয়ান আলভারেজ। আতলেতিকো মাদ্রিদের হয়ে স্বপ্নের ফর্মে রয়েছেন এই তরুণ স্ট্রাইকার। এছাড়া অ্যাঞ্জেল কোরেয়া, নিকো গঞ্জালেসদের বাড়তি দায়িত্ব নিতে তৈরি। 
মার্সেলো বিয়েলসার প্রশিক্ষণে বিশ্বকাপের বাছাই পর্বের শুরুটা দারুণ করে উরুগুয়ে। প্রথম ছ’টি ম্যাচের মধ্যে চারটিতে জয় পায় তারা। এর মধ্যে অ্যাওয়ে ম্যাচে আর্জেন্তিনাকে ২-০ গোলে বশ মানায় লা সেলেস্তে। তবে পরের ছ’টি ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা। তাই দলের এই পড়তি ফর্ম কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে অভিজ্ঞ কোচের। এমন পরিস্থিতিতে আর্জেন্তিনার বিরুদ্ধে ঘরের মাঠে জিতে ছন্দে ফেরাই লক্ষ্য তাদের। চোট সারিয়ে জাতীয় দলে ফিরছেন রোনাল্ড আরাহো। তবে আপফ্রন্ট ডেভিড নুনেজের অফ ফর্ম কিছুটা হলেও চিন্তায় রাখবে কোচ বিয়েলসাকে।
-শনিবার ভারতীয় সময়ে ম্যাচ 
-শুরু ভোর ৫ টায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ