আর্জেন্তিনা- ৭ : কোস্টারিকা- ০
কর্ডোবা: একটা হার। তা-ও আবার ঘরের মাঠে। সেটাই যেন কাঁটার মতো বিঁধেছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই ধাক্কা কাটিয়ে মঙ্গলবার কোস্টারিকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল আর্জেন্তিনা। প্রতিপক্ষকে ৭ গোলের মালা পরিয়ে জুলিয়ান আলভারেজ-নিকো পেজরা বুঝিয়ে দিলেন, লায়োনেল মেসির অভাব মেটাতে তৈরি তাঁরা। ম্যাচে জোড়া গোল আলভারেজ, পেজ ও ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনোর। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ম্যাক অ্যালিস্টার। চলতি বছরে এটাই ছিল আর্জেন্তিনার শেষ ম্যাচ।
গত ম্যাচে উরুগুয়ের কাছে ১-২ গোলে বশ মেনেছিল আর্জেন্তিনা। সেই হারের পরই প্রশ্ন ওঠে, এই দল মেসির ছায়া থেকে বেরিয়ে আসতে ব্যর্থ। তবে ৭২ ঘণ্টার মধ্যেই পুরোপুরি ভিন্ন ছবি দেখা মিলল। বিশেষত গোলের নিচে এমিলিয়ানো মার্তিনেজের উপস্থিতিতে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখায় দলের রক্ষণকে। উল্লেখ্য, দেশের জার্সিতে রেকর্ড ৪৭টি ম্যাচে ক্লিনশিট রেখে মাঠ ছাড়লেন এই দুর্গপ্রহরী। একইসঙ্গে আপফ্রন্টে পাজ-আলভারেজ জুটি ভরসা জোগালো। আলাদা করে উল্লেখ করতে হবে ২২ বছর বয়সি তরুণ উইঙ্গারের কথা। বাঁ পায়ের দুরন্ত শটে করা তাঁর দু’টি গোলই ছিল দেখার মতো। কোচ স্কালোনি অবশ্য ফুটবলারদের মাটিতে পা রেখে চলার পরামর্শ দিচ্ছেন। তাই তো হ্যাটট্রিকের সুযোগ থাকা সত্ত্বেও প্রথমার্ধের শেষেই আলভারেজ ও নিকো পাজকে তুলে নেন তিনি। বুঝিয়ে দিলেন, ব্যক্তিগত সাফল্যের জন্য আগামীতে আরও বেশি পরিশ্রম করতে হবে দলের অ্যাটাকারদের।



