Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জিতলেও মন ভরাতে ব্যর্থ আর্জেন্তিনা

ফিফা র‌্যাংকিংয়ে দু’দলের মধ্যে ব্যবধান ১১৩ ধাপের। শক্তির নিরিখে তা আরও কয়েকগুণ বেশি। অথচ অনামী মৌরিতানিয়াকে হারাতে রীতিমতো কালঘাম ছুটে গেল আর্জেন্তিনার।

জিতলেও মন ভরাতে ব্যর্থ আর্জেন্তিনা
  • ২৯ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

আর্জেন্তিনা- ২                      :                মৌরিতানিয়া- ১

Advertisement

বুয়েনস আইরেস: ফিফা র‌্যাংকিংয়ে দু’দলের মধ্যে ব্যবধান ১১৩ ধাপের। শক্তির নিরিখে তা আরও কয়েকগুণ বেশি। অথচ অনামী মৌরিতানিয়াকে হারাতে রীতিমতো কালঘাম ছুটে গেল আর্জেন্তিনার। গোলের নীচে এমিলিয়ানো মার্তিনেজ বেশ কয়েকবার দলের পতন না আটকালে, অঘটনও ঘটাতে পারত আফ্রিকার দেশটি। শেষ পর্যন্ত ঘরের মাঠে ফিফা ফ্রেন্ডলিতে ২-১ ব্যবধানে জিতল আর্জেন্তিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের দুই গোলদাতা যথাক্রমে এনজো ফার্নান্ডেজ ও নিকো পেজ। মৌরিতানিয়ার একমাত্র গোলটি জর্ডন লেফোর্টের। স্বাভাকিভাবেই দলের এই পারফরম্যান্সে খুশি নন কোচ লায়োনেল স্কালোনি। তিনি বলেন, ‘দল মোটেই ভালো খেলতে পারেনি।’ গোলরক্ষক মার্তিনেজ তো বলেই দিলেন, ‘ভালো হয়েছে ফিনালিসিমা হয়নি। এমন খেললে আমরা হেরেই মাঠ ছাড়তাম।’
শুক্রবার দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে লিও মেসিকে বেঞ্চে রেখেই দল সাজিয়েছিলেন স্কালোনি। ম্যাচের শুরুটাও দারুণ করে আর্জেন্তিনা। ১৭ মিনিটে দলকে এগিয়ে দেন এনজো ফার্নান্ডেজ। এরপর ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে জাল কাঁপান পেজ। মেসির অনুপস্থিতিতে আপফ্রন্টে ভরসা জোগালেন এই তরুণ উইঙ্গার। বিরতির পর লিওকে মাঠে নামান কোচ স্কালোনি। তবে দ্বিতীয়ার্ধে অনেক বেশি ছন্নছাড়া দেখায় আর্জেন্তিনাকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের সংযোজিত সময়ে ব্যবধান কমায় মৌরিতানিয়া। মেসিকে দেখার জন্য সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আর্জেন্তাইন মহাতারকা মাঠে নামার পর তাঁর পায়ে বল আসলেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীরা। আগামী মঙ্গলবার জাম্বিয়ার বিরুদ্ধে আরও একটি ফিফা ফ্রেন্ডলি খেলবে আর্জেন্তিনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ