‘সংবাদমাধ্যমের নজর কাড়তে চাইছেন?’রাহুলের সম্পত্তি মামলার শুনানি,  আইনজীবীকে তোপ সুপ্রিম কোর্টের
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘সংবাদমাধ্যমের নজর কাড়তে চাইছেন?’ সুপ্রিম কোর্টে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সম্পত্তি সংক্রান্ত মামলা শুনানির জন্য উত্থাপন করায় প্রধান বিচারপতি সূর্য কান্তের ভর্ৎসনার মুখে পড়লেন এক আইনজীবী। মঙ্গলবার প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। এমনকী এর কোনো গুরুত্বও নেই। এই ঘটনার জেরে দ্রুত শুনানির জন্য আরজি পর্বের সরাসরি সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।  

Advertisement

এদিন শীর্ষ আদালতে এক আইনজীবী আবেদন জানান, রাহুল গান্ধীর বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির মামলা রয়েছে। কিছুদিন আগেই রাহুল দাবি করেন, তাঁর সঙ্গে ইডি ও সিবিআইয়ের ২০০ জন আধিকারিকের যোগাযোগ রয়েছে। এই যুক্তিতে মামলাটি শুনানির জন্য তালিকাভূক্ত করার আরজি জানান ওই আইনজীবী। এতে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি প্রশ্ন করেন, ‘আপনি কি এই বিষয়ে কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন? আপনার উদ্দেশ্য কি মিডিয়ার নজর কাড়া?’ 
উল্লেখ্য, কর্ণাটকের এক বিজেপি কর্মী বিঘ্নেশ শিশি রাহুলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ সিবিআই ও ইডিকে রাহুলের সম্পত্তি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। এর পরিপ্রেক্ষিতে ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলে, রাহুলের বক্তব্য না শুনেই কীভাবে তাঁর সম্পত্তি নিয়ে তদন্তের নির্দেশ দিতে পারে হাইকোর্ট?