Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

বন্ধ হচ্ছে সরকারি মেডিকেল কলেজে টেকনোলজিস্টের ৯টি ডিপ্লোমা কোর্স? কেন্দ্রীয় মান্যতাই মেলেনি, কয়েক হাজার আসন সংকটে

গঠিত হয়েছে নতুন নিয়ন্ত্রক কমিশন—‘ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনস’। চালু হয়েছে নয়া কেন্দ্রীয় নিয়ম, পাঠ্যক্রম, বিধি। তা মেনেই চালাতে হবে কোর্স।

বন্ধ হচ্ছে সরকারি মেডিকেল কলেজে টেকনোলজিস্টের ৯টি ডিপ্লোমা কোর্স? কেন্দ্রীয় মান্যতাই মেলেনি, কয়েক হাজার আসন সংকটে
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঠিত হয়েছে নতুন নিয়ন্ত্রক কমিশন—‘ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনস’। চালু হয়েছে নয়া কেন্দ্রীয় নিয়ম, পাঠ্যক্রম, বিধি। তা মেনেই চালাতে হবে কোর্স। রাজ্যের কাছ থেকে নিতে হবে ‘এসেনশিয়ালিটি সার্টিফিকেট’। অভিযোগ, এসবের বালাই না রেখেই মুড়ি-মুড়কির মতো প্রাইভেট কলেজে চলছে ফিজিওথেরাপি, মেডিকেল টেকনোলজি, অকুপেশনাল টেকনোলজি, ওটি টেকনোলজি ইত্যাদির কোর্স। ২ থেকে ৫ লক্ষ টাকা দিয়ে এসব কোর্সে ভরতিও চলছে রমরম করে। এদিকে, বারবার বন্ধের কথা বলার পরও সরকারি মেডিকেল কলেজে থেকে গিয়েছে এসব পাঠ্যক্রমের ডিপ্লোমা কোর্স। সব মিলিয়ে টেকনোলজিস্ট তৈরির কোর্সে বাংলার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা হচ্ছে বলে অভিযোগ। 

Advertisement

সূত্রের খবর, সরকারি-বেসরকারি মিলিয়ে ১০০’র বেশি কলেজে টেকনোলজিস্ট তৈরির আড়াই বছরের ডিপ্লোমা, চার বছরের ডিগ্রি ও ২ বছরের মাস্টার্স পড়ানো হয়। আসন সংখ্যা চার হাজারেরও বেশি। জুন-জুলাই পেরলেও এবার সরকারি মেডিকেল কলেজগুলির এসব পাঠ্যক্রমে ছাত্রছাত্রী ভরতি করা হয়নি। অভিযোগ, দ্রুত ব্যবস্থা নিতে অসংখ্য চিঠি পাঠানো হলেও টনক নড়েনি স্বাস্থ্যদপ্তরের। সব মিলিয়ে পূর্বতন প্যারামেডিকেল বা অধুনা ‘অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার মেডিকেল’ পাঠ্যক্রমের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা চলছে বলে অভিযোগ। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম-এর সভাপতি বিকাশ মণ্ডল বলেন, ‘নতুন সরকার আসার পরও বহুবার চিঠি পাঠিয়েছি। রাজ্যকে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছি। কিছুই হয়নি।’ 
রাজ্যে এসব কোর্সের ডিপ্লোমা পাঠ্যক্রমগুলি চালায় স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। তার প্রাক্তন সহসভাপতি ডাঃ প্রদীপ মিত্র বলেন, ‘আগেই ডিপ্লোমা কোর্সগুলি তুলে দিতে বলেছিলাম। নয়তো এক বছরের বাড়তি ব্রিজ কোর্স পড়িয়ে কোর্সগুলি আইনি ও সময়োপযোগী করতে হবে। কেউ শোনেনি। এখন এসব কোর্স পড়ে কেউ সরকারি চাকরি পাবেন না।’ ফ্যাকাল্টির বর্তমান সেক্রেটারি ইন চার্জ দেবনাথ ঘোষ বলেন, ‘আমাদের ১৩টির মধ্যে চারটি ডিপ্লোমা কোর্সের মান্যতা দিয়েছে কেন্দ্রীয় কমিশন। ডিএমএলটি, রেডিওথেরাপি, অ্যানাসথেসিয়া-ওটি ও ডায়ালিসিস। প্রথম দুটির আসন বিন্যাস চলে আসায় সেগুলিতে ভরতির জন্য শীঘ্রই নোটিস বেরবে। বাকি ডিপ্লোমা পাঠ্যক্রমগুলি বন্ধ হবে কি না, রাজ্য বলবে। কেন্দ্রীয় কমিশনের নির্দেশ অনুযায়ী সবকিছু পরিবর্তন করতে সময় লাগবে। এ বছরটা ছেলেমেয়েদের সাবধানী হয়ে সিদ্ধান্ত নিতে বলব।’ স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, ‘প্রাইভেট কলেজগুলি নিয়ে অভিযোগ এসেছে। ব্যবস্থা নেওয়া হবে। শীঘ্রই এনিয়ে বৈঠকও হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ