নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পঞ্চম ব্যাচের পঠনপাঠন শুরু হল। মঙ্গলবার থেকে ক্লাস শুরু হয়েছে। এতদিন মেডিকেলে ১০০টি আসনে পড়ুয়াদের ভরতি নেওয়া হত। কিন্তু, এই বছর থেকে ৫০টি আসন বেড়ে ১৫০ করা হয়েছে।
মেডিকেল সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এমবিবিএস-এর প্রথম ব্যাচের পঠনপাঠন শুরু হয়। সেই সময় ১০০টি আসনে ছাত্রছাত্রী ভরতি নেওয়া হত। কিন্তু, চলতি শিক্ষা বর্ষে তা বেড়ে ১৫০ হয়েছে। আগামী দিনে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করতেও আবেদন করেছে মেডিকেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তার অনুমোদন দিতে কেন্দ্রের তরফে দফায় দফায় মেডিকেল কলেজে পরিদর্শনও করছেন কর্তারা। তবে মেডিকেল কলেজের পড়ুয়াদের জন্য হস্টেলের পর্যাপ্ত বেড দেওয়া নিয়ে সমস্যার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
আরামবাগ মেডিকেলের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় বলেন, এদিন প্রায় ১০০ জন পড়ুয়াকে নিয়ে প্রথম দিনের ক্লাস শুরু হল। আগামী দিনে বাকি আসনগুলি পূরণ হয়ে যাবে। ২২টি আসনে দেশের বিভিন্ন রাজ্য থেকে পড়ুয়ারা ভরতি হওয়ার সুযোগ পাবেন। বাকি আসনগুলি রাজ্য কোটার জন্য বরাদ্দ। আপাতত গার্লস হস্টেলের বেড রয়েছে। ছাত্রদের বেডের জন্য বিকল্প পরিকল্পনা করতে হতে পারে।



