নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এমবিবিএস আসন ২৫০। এদিকে ভরতি হয়েছেন ২৫৪ জন! ফলে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। রাজ্যের কাউন্সেলিংয়ের মাধ্যমে সেখানকার ৮৫ শতাংশ আসনে ভরতি সম্পূর্ণ। সম্পূর্ণ সর্বভারতীয় কোটার ১৫ শতাংশ আসন ভরতিও। কিন্তু, বিদেশমন্ত্রকসহ একাধিক কোটার সেন্ট্রাল পুলের ৪টি আসন না-ধরেই কাউন্সেলিং পর্ব শেষ করে ২৫০ জন ছাত্রছাত্রীর তালিকা প্রস্তুত করে পাঠানোও হয় স্বাস্থ্যভবনে।
সূত্রের খবর, তারপরই কেন্দ্রীয় সরকার চারটি আসনের জন্য চার ছাত্রছাত্রীর নাম পাঠায়। কিন্তু, উত্তরবঙ্গ মেডিকেলকে ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি) তো স্বীকৃতি দিয়েছে ২৫০টি আসনে এমবিবিএস পড়ানোর। ফলে নেপাল, নাগাল্যান্ডসহ চারটি বিশেষ ক্ষেত্রের সংরক্ষণের সুবিধা নিয়ে ভরতি হওয়া ওই চারজনের ভবিষ্যতের কী হবে? তাঁরা কি এই কলেজে পড়তে পারবেন? আইনি বা প্রশাসনিক জটিলতা তৈরি হবে না তো? এসব বিষয় জানতে চেয়ে তৈরি হওয়া জটিলতার সমাধানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ চিঠি পাঠাল সর্বোচ্চ সংস্থা এনএমসির কাছে।
সূত্রের খবর, সেখানে দুটি সম্ভাব্য বিকল্পেরও উল্লেখ করা হয়েছে। প্রথমত, এবছর ২৫৪ জনকেই পঠনপাঠনের অনুমতি দিয়ে যদি আগামী বছর চারটি আসনে কম ভরতি করে সমস্যা মেটানো যায়। দ্বিতীয়ত, এই চার ছাত্রছাত্রীকে যদি অন্যকোনো মেডিকেল কলেজে স্থানান্তরিত করে সমস্যা মেটানো সম্ভব হয়।
এই বিষয়ে বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সুজয় মিস্ত্রি বলেন, সেন্ট্রাল পুলের চার ছাত্রছাত্রীকে নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধানে এনএমসি দ্বারস্থ হয়েছি আমরা। আশা করি, দ্রুত সমাধান মিলবে।



