কাকদ্বীপে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: সুন্দরবনের কাকদ্বীপ মহকুমা জুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত কয়েক মাসের চেয়ে অক্টোবর মাসে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় দ্বিগুণ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসে চার,  আগস্টে ১৪, সেপ্টেম্বরে ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু অক্টোবর মাসে সেই সংখ্যাটা দ্বিগুণ হয়ে গিয়েছে। এই মাসে প্রায় ৬০ জন ডেঙ্গু আক্রান্ত রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বর্তমানে হাসপাতালে এই সংক্রান্ত দু’জন রোগী ভর্তি রয়েছেন। তাঁদের জ্বর নেই। শারীরিক অবস্থাও স্থিতিশীল। আগামী এক থেকে দুই দিনের মধ্যে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। 

Advertisement

এ বিষয়ে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় বলেন, এখনও পর্যন্ত কোনও রোগীকে অন্যত্র স্থানান্তর করতে হয়নি। এখানে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাও ঘটেনি। নভেম্বর মাসে ঠান্ডা বাড়লে সংক্রমণ কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পঞ্চায়েত ও স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে বিভিন্ন এলাকায় ডেঙ্গু সংক্রান্ত সচেতনতা প্রচার চালানো হচ্ছে।