নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানির দিন ধার্য হল আগামী মঙ্গলবার। শনিবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালত ওই দিন ধার্য করেছে। এদিকে, এদিন সিবিআইয়ের পক্ষ থেকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ অভিযুক্তদের হাতে চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হয়। সে কারণে জেল হেফাজতে থাকা সব অভিযুক্তকে নির্দিষ্ট সময় আদালতে হাজির করা হয়েছিল। এক অভিযুক্তের কৌঁসুলি শ্যামল মণ্ডল বলেন, ‘চার্জশিটের প্রতিলিপি খতিয়ে দেখব। সে ক্ষেত্রে কোনও নথি যদি বাদ পড়ে, তাহলে বিষয়টি আমরা আদালতের নজরে আনব।’ আদালত সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সিবিআইয়ের চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়ার কথা ছিল অভিযুক্তদের হাতে। কিন্তু ওই আইনি নথির প্রতিলিপি পুরোপুরি জোগাড় না হওয়ায় তা দেওয়া সম্ভব হয়নি। তবে সিবিআই সূত্রে খবর, এতদিন এই মামলায় চার্জ গঠন করে শুনানি সম্ভব হয়নি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অনুমোদনের ‘ছাড়পত্র’ না মেলায়। কিন্তু সম্প্রতি সেই ‘ছাড়পত্র’ মিলেছে। ফলে এখন আর মামলার বিচার চালানোর সমস্যা থাকার কথা নয়।



