নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েকদিন ধরে কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত পড়েছিল। সেটা কিছুটা কমজোরি হতে শুরু করেছে সোমবার থেকে। আপাতত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়বিদরা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছু স্থানে হাল্কা বৃষ্টি হতে পারে। এইসময়ে দার্জিলিং ও কালিম্পংয়ে হাল্কা বৃষ্টি এবং দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। রবিবারের পর ফের জাঁকিয়ে শীত ফিরে আসবে এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা। বড়দিনের সপ্তাহে ফের কনকনে ঠান্ডা থাকবে। এমন সম্ভাবনাই রয়েছে।
Advertisement
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি তামিলনাড়ু উপকূলের দিকে যাবে। এর পরোক্ষ প্রভাবে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস রাজ্যের বায়ুমণ্ডলে ঢুকবে। পাশাপাশি পশ্চিম হিমালয়ে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য উত্তুরে হাওয়া দুর্বল হতে শুরু করছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, এই দুটি কারণে চলতি সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধি ও কোথাও কোথাও হাল্কা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আজ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে আসতে পারে। চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে আসারও সম্ভাবনা আছে। পশিচমাঞ্চলসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও তাপমাত্রা বাড়ছে। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।



