নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সেচদপ্তরে চিফ ইঞ্জিনিয়ারের আরও ৮টি নতুন পদে নিযুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই দপ্তরে চিফ ইঞ্জিনিয়ারের মোট ১০টি পদ ছিল। ২০২৩-এর আগস্টে অর্থদপ্তর আরও ৮টি পদের অনুমোদন দেয়। নতুন সরকার আসার পর এতদিনে ওই আটটি-সহ মোট ১৬টি চিফ ইঞ্জিনিয়ারের পদ আধিকারিকদের পদোন্নতির মাধ্যমে নিযুক্ত করার নির্দেশিকা জারি করেছে দপ্তর। সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে, তিনবছর আগে চিফ ইঞ্জিনিয়ারের নতুন ৮টি পদ সৃষ্টি করা হলেও সেখানে নিযুক্ত করার প্রক্রিয়াটি প্রশাসনিক জটিলতায় আটকে ছিল। প্রশাসনিক পুনর্গঠনের পর নতুন পদে নিযুক্ত করার কথাই বলা হচ্ছিল। এমনকি ১০টি চিফ ইঞ্জিনিয়ারের পদ আগে থেকে থাকলেও সেখানে মাত্র দুজন ছিলেন। বাকি দায়িত্বগুলিও ওই দুইজনকে সামলাতে হচ্ছিল।
এর ফলে প্রশাসনিক কাজকর্মের গতি মন্থর হওয়ার পাশাপাশি অনেক প্রবীণ ইঞ্জিনিয়ার প্রাপ্য পদোন্নতি ছাড়াই অবসর নিয়ে নেন। যে ১৬টি পদে নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তার মধ্যে ১২টি সিভিল এবং দুটি মেকানিক্যাল-ইলেকট্রিক্যাল উইংয়ে। বিভিন্ন দায়িত্বে চিফ ইঞ্জিনিয়ার নিযুক্তির ফলে বন্যানিয়ন্ত্রণ ও সেচের জল সরবরাহের গুরুত্বপূর্ণ কাজের দেখভাল প্রক্রিয়ায় গতি আসবে। মনে করেন এই দপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিক এবং কর্মী সংগঠন নেতা মনোজ চক্রবর্তী। পূর্বতন সরকার বিষয়টিতে গুরুত্ব না দিয়ে তা ঝুলিয়ে রেখেছিল বলে অভিযোগ করেছেন তিনি।



