নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কেন্দ্রীয় পোর্টাল জাতীয় মৎস্য ডিজিটাল প্ল্যাটফর্মে (এনএফডিপি) নিজেদের নাম নিবন্ধীকরণে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের মধ্যে। মৎস্য দপ্তর থেকে ১ লক্ষ ৩৭ হাজার মৎস্যজীবীর নাম নথিভুক্ত করার টার্গেট দেওয়া হয়েছে এই জেলাকে। কিন্তু ইতিমধ্যে লক্ষাধিক মৎস্যজীবী আবেদন করেছেন। তৃণমূল জমানায় এই নিবন্ধীকরণের কর্মসূচি বন্ধ রাখা হয়েছিল বলে অভিযোগ। ফলে মৎস্যজীবীরা নানা সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বিজেপি সরকার আসতেই সেটা চালু করা হয়েছে। মৎস্য জেলা হিসাবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনায় এখন আবেদনের শেষ পর্যায় চলছে বলেই মনে করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, এখনো পর্যন্ত ৭২ হাজারের বেশি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। ৩০ হাজারের বেশি মৎস্যজীবীর সব যাচাই প্রক্রিয়া শেষ এবং তাঁদের নাম সরকারিভাবে পোর্টালে উঠে গিয়েছে। বাকিদেরও ধাপে ধাপে হয়ে যাবে বলে জানা গিয়েছে। পোর্টালে নাম নথিভুক্ত থাকলে একজন মৎস্যজীবী একাধিক সুবিধা পাবেন।



