Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা শুরু

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোট কর্মীদের প্রশিক্ষণের চিঠি আসতে শুরু করেছে। চলতি সপ্তাহের শেষে তাঁদের বিভিন্ন জায়গায় যোগ দিতে হবে ট্রেনিংয়ে।

ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা শুরু
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোট কর্মীদের প্রশিক্ষণের চিঠি আসতে শুরু করেছে। চলতি সপ্তাহের শেষে তাঁদের বিভিন্ন জায়গায় যোগ দিতে হবে ট্রেনিংয়ে। প্রতিবারের মতো এবারও একটা অংশ এই ডিউটি করবেন না বলে মনস্থির করেছেন। তাই সোমবার থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা সদর কার্যালয় আলিপুরে এরকম বহু কর্মী তাঁদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন জমা দেওয়া শুরু করলেন। কেউ নাম বাদ দেওয়ার কারণ হিসাবে দেখিয়েছেন বাড়িতে ছোট শিশু আছে, আবার কেউ শারীরিকভাবে অসুস্থ বলেও জানিয়েছেন। কারো আবার দুই জায়গা থেকে ট্রেনিংয়ের চিঠি এসেছে বলে এক জায়গার নাম কাটানোর দরখাস্ত দিয়েছেন। শেষমেশ কতজন সত্যি ছাড় পাবেন, সেই সিদ্ধান্ত নেবেন জেলাশাসক। তবে শুধু আবেদন জমাই নয়, অনেকে আবার পদস্থ আধিকারিকদের ফোন করেও নাম বাদ দেওয়ার আরজি জানাচ্ছেন।জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যাঁরা ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাইছেন, তাঁদের মেডিকেল পরীক্ষা হবে। ডাক্তাররা যদি জানান যে সংশ্লিষ্ট সরকারি কর্মী ‘আনফিট’, তখনই তাঁকে ভোটের কাজ থেকে ছাড় দেওয়া হবে। তবে জেলা সূত্রে খবর, একান্ত গুরুতর অসুস্থতা বা জরুরি ভিত্তিতে কোনো প্রয়োজন ছাড়া এবার খুব বেশি ভোটকর্মীকে অব্যাহতি দিতে নারাজ প্রশাসন। কারণ গতবার অনেককেই ছেড়ে দেওয়ার ফলে ভোটকর্মীদের সংকট তৈরি হয়েছিল। এবারে সেরকম কিছু যাতে না হয়, তার জন্য সতর্ক আধিকারিকরা।  আলিপুরে আবেদন জমা দেওয়ার লাইন। সোমবার তোলা নিজস্ব চিত্র।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ