নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগেই ছাড়পত্র দেওয়া হয়েছিল। শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানাল, যে যে পড়ুয়া নতুন বিষয় নিয়ে একাদশ শ্রেণিতে ফের ভর্তি হতে চান, তাঁরা স্কুলের মাধ্যমে আবেদন করতে পারবেন। পুরনো সিলেবাস অনুযায়ী, একাদশে অনুত্তীর্ণ, একাদশে উত্তীর্ণ কিন্তু দ্বাদশে অনুত্তীর্ণ ইত্যাদি বিভিন্ন পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য এ বছরের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে সংসদ। আরও বেশি পড়ুয়া যাতে নয়া সিলেবাসে আসার সুযোগ পান, সে উদ্দেশেই ছাড় দিচ্ছে সংসদ। স্কুলের প্রতিনিধিদের সংসদের আঞ্চলিক কার্যালয়ে যেতে হবে। প্রধান শিক্ষকের সুপারিশ পত্র, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট নিয়ে আবেদন জানাতে হবে। যদিও পড়ুয়াদের একাংশের আশঙ্কা, বহু স্কুলই এত দায়িত্ব নিতে চাইবে না। তাই পড়ুয়াদের সরাসরি আবেদনের সুযোগ দেওয়া হোক। অন্যদিকে, মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে রিভিউ এবং স্ক্রুটিনির নম্বর জমা দেওয়ার কাজ চলবে ৩০ মে পর্যন্ত। আশা করা হচ্ছে, জুনের শুরুর দিকেই রিভিউ ও স্ক্রুটিনির ফল ঘোষণা করে দিতে পারবে পর্ষদ।



