Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের আমলে সিভিকের জন্য চালু ৩০ লক্ষ টাকার অ্যাপ অচল! নয়ছয়ের অভিযোগ, নবান্নের নির্দেশে অডিট শুরু

কাজের সুবিধার্থে রাজ্য পুলিশে সিভিক ভলান্টিয়ারদের জন্য চালু হয় মোবাইল অ্যাপ। টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম নামে ওই অ্যাপে সংযুক্ত করা হয় ডিজি ও আইজি পদমর্যাদার অফিসারদের।

তৃণমূলের আমলে সিভিকের জন্য চালু ৩০ লক্ষ টাকার অ্যাপ অচল! নয়ছয়ের অভিযোগ, নবান্নের নির্দেশে অডিট শুরু
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: কাজের সুবিধার্থে রাজ্য পুলিশে সিভিক ভলান্টিয়ারদের জন্য চালু হয় মোবাইল অ্যাপ। টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম নামে ওই অ্যাপে সংযুক্ত করা হয় ডিজি ও আইজি পদমর্যাদার অফিসারদের। তৃণমূল জমানায় প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই অ্যাপ কয়েকমাস চলার পরই মুখ থুবড়ে পড়ে। জলে যায় সরকারি টাকা। সরকারি টাকায় তৈরি অ্যাপ পালাবদলের পর কেন চালানো হল না, তা নিয়ে এবার অডিট শুরু করেছে নবান্ন। 

Advertisement

প্রত্যন্ত এলাকায় সিভিক ভলান্টিয়াররা ডিউটি করেন। সেখানে কোনো ঘটনা ঘটলে যাতে দ্রুত সেই খবর ভিডিয়োসমেত পৌঁছে যায়, সেজন্যই রাজ্য পুলিশের তরফে সিভিকদের জন্য চালু করা হয় একটি মোবাইল অ্যাপ। যাতে সেই খবরের ভিত্তিতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যেতে পারে স্থানীয় থানার পুলিশ। পাশাপাশি ওই খবরের ভিত্তিতে থানা কী ব্যবস্থা নিল তা যাতে শীর্ষ  কর্তারা জানতে পারেন সেজন্য তাঁদেরও যুক্ত করা হয় এই অ্যাপে। জরুরি কিছু নজরে এলে আধিকারিকরা সরাসরি কথা বলে নেবেন সিভিকদের সঙ্গে। পাশাপাশি কোন সিভিকের কোথায় ডিউটি রয়েছে এবং তিনি নির্দিষ্ট জায়গায় রয়েছেন কি না তা ছবি তুলে এই অ্যাপের মাধ্যমে পাঠাতে হত।
একটি বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে এই অ্যাপ তৈরি করানো হয়। এর জন্য ৩০ লক্ষের কাছাকাছি টাকা খরচ হয় বলে সূত্রের খবর। ওই সংস্থাকে টাকা পেমেন্ট করে দেওয়া হয়। মাসছয়েক খুব ভালোভাবে এই অ্যাপ কাজ করে। তারপরেই এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন আধিকারিকদের একাংশ। এই অ্যাপের উপর নজরদারিতে খামতি আসতে থাকে। সিভিকরা ছবি ও খবর পাঠানো বন্ধ করে দেন। এমনকি নির্দিষ্ট জায়গায় ডিউটি করছেন কি না সেটিও পাঠাতেন না তাঁরা। অনেক সিভিক আবার অ্যাপ ছেড়ে বেরিয়ে যান অফিসারদের অনুমতি ছাড়াই। সরকারি অর্থে অ্যাপ তৈরি করা হলেও কার্যকারিতা ভুলে যান সকলেই।  এমনকি অ্যাপটির রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কোম্পানিও সেই কাজ বন্ধ করে দেয়। বছর ঘুরতে না ঘুরতেই এই অ্যাপ পুরোপুরি অকেজো হয়ে গিয়েছে! শুধু এই অ্যাপই নয়, তৃণমূল আমলে বহু লক্ষ টাকায় পুলিশের জন্য আরও একাধিক অ্যাপ তৈরি হয় রাজ্য পুলিশে। সেগুলির অধিকাংশই আর কাজ করে না। মমতা জমানায় তৈরি বিভিন্ন অ্যাপের বর্তমান হাল সম্পর্কে খোঁজখবর করতে গিয়েই ধরা পড়ে এই মারাত্মক ছবি। বস্তুত সরকারি কোষাগারের কয়েক কোটি টাকা এইভাবে নয়ছয় করা হয়েছে! উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু সংস্থাকে। স্বভাবতই অডিট শুরু করেছে নবান্ন। অ্যাপ তৈরিতে কত টাকা খরচ হয়েছে, কোন কোন সফটওয়্যার কোম্পানি এই দায়িত্ব পেয়েছিল, পেমেন্ট হয়েছিল কীভাবে—সবটাই খতিয়ে দেখা হবে। কোন কোন ক্ষেত্রে গাফিলতি ছিল খুঁজে দেখা হবে তাও।

Advertisement
সম্পর্কিত সংবাদ