নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পরিবেশ রক্ষার্থে পরিচ্ছন্নতা বজায় রাখতে অ্যাপ চালু করল নদীয়া জেলা প্রশাসন। অ্যাপটির নাম নির্মল নদীয়া। এলাকায় পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ থাকলে যে কেউ ওই অ্যাপে তা জানাতে পারবেন। সেই মতো ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসে অ্যাপটির উদ্বোধন করেন নদীয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ। তবে প্রাথমিকভাবে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। আপাতত সেখানেই পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগের কথা জানাতে পারবেন গ্রামের বাসিন্দারা। ফোন নম্বরটি হল ৭৮৬৫৮৫২৪২০। সেই সঙ্গে প্লাস্টিকমুক্ত জেলা গড়তে প্রতি ব্লক থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে। আগামী এক মাসের মধ্যে ১ লক্ষ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে। সেই প্লাস্টিক বর্জ্য রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হবে।
জেলাশাসক বলেন, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় আমরা বিশেষভাবে জোর দিয়েছি। বিভিন্ন জায়গায় জঞ্জাল হিসেবে যে প্লাস্টিক পড়ে রয়েছে আগামী একমাস ধরে তা বিশেষ অভিযান চালিয়ে সংগ্রহ করা হবে। আমরা ১০০ টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছি। তারপর তা উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগামী এক মাস লাগাতার কর্মসূচি গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। চলতি মাসের প্রতি সপ্তাহে ব্লকগুলোতে একদিন করে ‘নির্মল আওয়ার’ পালন করা হবে। যেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা হবে। সেইমতো ব্লক ও পঞ্চায়েত স্তরে কমিটি গঠন করা হবে। যেখানে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা থাকবেন। তাঁরা পরিচ্ছন্নতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি গ্রামীণ এলাকা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তা নিয়েও কথা হবে। পাশাপাশি ব্লক প্রশাসনের তরফ থেকে ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে বাজারকে অ্যাডপ্ট করা হবে এবং সেটি নির্মল মার্কেটে রূপান্তরিত করা হবে। মূলত বাজারে পরিচ্ছন্নতা এবং প্লাস্টিকের ব্যাগের ব্যবহার যাতে না করা হয়, তা সুনিশ্চিত করাই হবে ব্লক প্রশাসনের উদ্দেশ্য। পাশাপাশি ব্লকের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্কুলগুলিতে পুষ্টিবাগান তৈরি করা হবে। আগামী ২৫ জুন প্রশাসনের আধিকারিকরা গ্রাম পঞ্চায়েতের প্রতিটি সংসদে বাড়ি বাড়ি ভিজিট করবেন, পরিচ্ছন্নতার বার্তা নিয়ে। এই ‘নির্মল মাসে’র কর্মসূচি আগামী ৩০ জুন শেষ করা হবে।
এছাড়াও জেলাজুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। নবদ্বীপ পুরসভার তরফ থেকে উদয়ন মাঠ সংলগ্ন এলাকায় ২৫টি বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি কালীগঞ্জ বিধানসভার মিরা-১ পঞ্চায়েতে প্রচার চলাকালীন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ এবং দলের লোকজন বৃক্ষরোপণ করেন। পায়রাডাঙ্গা এলাকার স্কুল শিক্ষক কৃষ্ণেন্দু বিশ্বাস পরিবেশ সচেতনতার উপর একটি বাংলা ক্যালেন্ডার বানান। এদিন সেটি প্রশাসনের আধিকারিকদের হাতে তিনি তুলে দেন। • নিজস্ব চিত্র