Bartaman Logo
১০ জুন, ২০২৬

আপকে জেতানোর দায়িত্ব আমাদের নয়, বলল কংগ্রেস  

আপকে জেতানোর দায়িত্ব আমাদের নয়, বলল কংগ্রেস
 
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: এবারও কংগ্রেসের হাতে ‘লাড্ডু’ ধরিয়েছে দিল্লি। টানা তিনবার ঝুলি শূন্য। ‘জিরো’র হ্যাটট্রিক। নিন্দুকরা বলছেন, নিজের নাক কেটে আপের যাত্রাভঙ্গ করেছে হাত শিবির। অন্তত ১৩টি আসনে কংগ্রেসের জন্য আসন হাতছাড়া হয়েছে আপের। সেই তালিকায় রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মণীশ শিসোদিয়ার মতো আপ হেভিওয়েটরাও। আর সেই সুযোগেই প্রায় ২৭ বছর পর রাজধানীতে পদ্ম ফুটল। যদিও শনিবার কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিক্রিয়া, দিল্লির মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। তাঁরা বদল চাইছিলেন।
Advertisement
দিল্লির ফল নিয়ে এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। ওয়েনাড়ের সাংসদ বলেন, দিল্লির সামগ্রিক পরিস্থিতি মানুষকে বীতশ্রদ্ধ করে তুলেছিল। তাঁরা বদল চাইছিলেন। আমার মতে, দিল্লির মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। যাঁরা জিতেছেন তাঁদের শুভেচ্ছা জানাই। আর আমাদের দলের নেতাকর্মীদের বলতে চাই, আরও কঠিন পরিশ্রম করতে হবে। মাটি কামড়ে পড়ে থাকতে হবে। সাধারণ মানুষের সমস্যাগুলি নিয়ে সরব হতে হবে।’
‘ইন্ডিয়া’ জোটের জলাঞ্জলি দেখেছে দিল্লির এবারের বিধানসভা ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশের মতে, আপ-কংগ্রেস কুস্তিই রাজধানীতে বিজেপিকে ক্ষমতায় ফেরাল। ১৩টি আসনে আপ ও একটি আসনে কংগ্রেস জিততে পারত যদি দু’দলের ভোট হতো। এর মধ্যে বাদলি কেন্দ্রে কংগ্রেস পেয়েছে ৪১ হাজার ভোট, আপ হেরেছে ১৫ হাজার ভোটে। মাদিপুরে কংগ্রেস পেয়েছে প্রায় ১৮ হাজার, আপ হেরেছে ১১ হাজারে। সিশোদিয়া হেরেছেন মাত্র ৬৭৫ ভোটে। কংগ্রেস টেনেছে সাত হাজার ভোট। ত্রিলোকপুরী, সঙ্গম বিহারের মতো কেন্দ্রে আপ হেরেছে ৪০০-এর কম ভোটে। এই দুই কেন্দ্রেই কংগ্রেস ব্যাপক ভোট টেনেছে। এমনকী কস্তুরবানগর কেন্দ্রে কংগ্রেস হেরেছে ১১ হাজার ভোটে। সেখানে তৃতীয় স্থানে থাকা আপ টেনেছে ১৮ হাজারের বেশি ভোট। যদিও নিজের নাক কেটে আপের যাত্রাভঙ্গের এই তত্ত্ব মানতে নারাজ কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত। তাঁর বক্তব্য, আপকে জেতানোর দায়িত্ব কংগ্রেসের নয়। আমাদের দায়িত্ব হল ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করে দলের হয়ে জয় ছিনিয়ে আনার চেষ্টা করা। অরবিন্দ কেজরিওয়ালও তো গোয়া, হরিয়ানা, গুজরাত, উত্তরাখণ্ডে লড়তে গিয়েছিলেন। সেই রাজ্যগুলিতে আমাদের সঙ্গে বিজেপির যা ব্যবধান ছিল, ঠিক সেই পরিমাণে ভোট পেয়েছিল আপ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ