নয়াদিল্লি, ১৬ জুলাই: অবশেষে অপেক্ষার অবসান। আরও তিনটি অত্যাধুনিক অ্যাপাচে কমব্যাট হেলিকপ্টার ভারতের হাতে আসছে আগামী সপ্তাহে। ২১ জুলাই নয়াদিল্লির হাতে প্রথম দফায় তিনটি হেলিকপ্টার তুলে দেবে ওয়াশিংটন। সূত্রের খবর, এই কপ্টারগুলি মোতায়েন থাকবে ভারত-পাক সীমান্তে। যদিও ঠিক কোন জায়গায় সেগুলিকে মোতায়েন করা হবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। বাকি তিনটি অ্যাপাচে কমব্যাট হেলিকপ্টার ধাপে ধাপে ভারতের হাতে আসবে। তার মধ্যে চলতি মাসের শেষেই ভারতে আরও দুটি কপ্টার পাঠাবে আমেরিকা।
২০১৫ সালে আমেরিকা ও বোয়িংয়ের সঙ্গে ২২টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার বিষয়ে চুক্তি করে ভারতীয় বায়ুসেনা। যেগুলি ২০২০ সালের জুলাই মাসের মধ্যেই চলে আসে ভারতে। তারপরেই আরও ছয়টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার জন্য আমেরিকার সঙ্গে ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে নয়াদিল্লি। তখনই ওয়াশিংটনের তরফে জানানো হয় ২০২৪ সালের মে-জুন মাসের মধ্যে ভারত পাবে এই অত্যাধুনিক কপ্টারগুলি। যদিও গোটা বিশ্বের অস্থির পরিস্থিতি ও একাধিক কারণে পিছিয়ে যায় অ্যাপাচে কপ্টার ডেলিভারির দিন। অবশেষে নয়াদিল্লিকে আজ, মঙ্গলবার ওয়াশিংটন জানিয়ে দিয়েছে আগামী ২১ জুলাই প্রথম দফায় তিনটি কপ্টার পাবে ভারত। জানা গিয়েছে, সোজা আমেরিকা থেকে উড়ে অ্যাপাচে এএইচ-৬৪ই অ্যাটাক হেলিকপ্টারগুলি হিন্ডন বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করবে।