নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আঞ্চলিক ভাষায় বিশ্বায়নের প্রভাব নিয়ে আলোচনা সভা হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এনবিইউ-এর ভিসি কনফারেন্স হলে বুধবার থেকে দুদিনব্যাপী এই আলোচনা চক্র শুরু হল। এর আয়োজক বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। বিভাগের অধিকর্তা ডঃ মঞ্জুলা বেরা সহ প্রথম দিনের অতিথি হিসেবে অধ্যাপক শ্যামল দাস, আরিমর্দন কুমার ত্রিপাঠি, চৈতালি মুখোপাধ্যায়ের মতো অনেকে উপস্থিত ছিলেন। উত্তরের জেলাগুলিতে আঞ্চলিক ভাষার প্রভাব বেশি। একএকটি এলাকার পরিচিতি বহন করে চলেছে। সারা বিশ্বজুড়ে এমন ভাষা প্রচুর। তবে একটু একটু করে তা গ্রাস করে নিচ্ছে বিশ্বায়ন। যা আঞ্চলিক সংস্কৃতিতেও প্রভাব ফেলছে। সেই বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। বৃহস্পতিবারও এই আলোচনা সভা চলবে বলে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষিকা ছাত্রী বনি দে জানিয়েছেন।



