নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজি ট্রফিতে প্রথম ৩ ম্যাচে রেলওয়েজের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। শনিবার সুরাটে এই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেই খাবি খাচ্ছিল বাংলা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলগত ২৭ রানেই ৩ উইকেট খোয়ায় বঙ্গ-ব্রিগেড। কিন্তু, কথায় আছে না, পুরোনো চাল ভাতে বাড়ে। কঠিন সময়ে ত্রাতা হয়ে দলকে ভালো জায়গায় পৌঁছে দিলেন অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার। তাঁর দুরন্ত শতরানে ভর করে প্রথম দিনের শেষে বাংলার সংগ্রহ ৫ উইকেটে ২৭৩। ১২টি চার সহ ১৬১ বলে ১০৩ রানে ব্যাট করছেন অনুষ্টুপ। ক্রিজে তাঁর সঙ্গী সুমন্ত গুপ্ত ৩৯ (নট আউট)।



