Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শততম ম্যাচেও প্রতিপক্ষ অসম, রোমাঞ্চিত অনুষ্টুপ

শনিবার একটা বৃত্ত পূর্ণ হচ্ছে অনুষ্টুপ মজুমদারের। ‘লিস্ট এ’ ক্রিকেটে শততম ম্যাচে নামছেন তিনি। তাৎপর্যের হল, ২০০৮ সালে যে দলের বিরুদ্ধে এই ঘরানায় অভিষেক  হয়েছিল, শততম ম্যাচেও উল্টোদিকে সেই দল।

শততম ম্যাচেও প্রতিপক্ষ অসম, রোমাঞ্চিত অনুষ্টুপ
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার একটা বৃত্ত পূর্ণ হচ্ছে অনুষ্টুপ মজুমদারের। ‘লিস্ট এ’ ক্রিকেটে শততম ম্যাচে নামছেন তিনি। তাৎপর্যের হল, ২০০৮ সালে যে দলের বিরুদ্ধে এই ঘরানায় অভিষেক  হয়েছিল, শততম ম্যাচেও উল্টোদিকে সেই দল। বিজয় হাজারে ট্রফির গ্রুপ ‘বি’-তে রাজকোটে অসমের বিরুদ্ধে বাংলার ম্যাচ সেজন্যই বাড়তি গুরুত্ব পাচ্ছে। অনুষ্টুপ মোবাইলে বললেন, ‘আলাদা রোমাঞ্চ তো হচ্ছেই। অসমের সেই দলের কেউই এখন খেলে না। বাংলা দলে সেই সময়ে থাকা লক্ষ্মীরতন শুক্লা এখন কোচ, শিবশঙ্কর পাল বোলিং কোচ। এটা লম্বা একটা সফর। অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। তবে তার মধ্যেও ফোকাস রাখছি ম্যাচে। দলের জয়ে অবদান রাখাই লক্ষ্য। সতীর্থদের বলেছি, যা কিছু সেলিব্রেশন সব ম্যাচের পর করতে।’ উল্লেখ্য, ২২ জানুয়ারি ইডেনে সার্ভিসেসের বিরুদ্ধে রনজি ম্যাচ হতে চলেছে প্রথম শ্রেণিতে অনুষ্টুপের শততম ম্যাচ।

Advertisement

কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য জেতা জরুরি বাংলারও। এই গ্রুপ থেকে চার ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া উত্তরপ্রদেশের অবস্থান অনেকটাই জোরালো। দ্বিতীয় দল হিসেবে শেষ আটে ওঠার জন্য লড়াইয়ে বাংলার প্রতিদ্বন্দ্বী বিদর্ভ ও বরোদা। এই তিনটি দলেরই চার ম্যাচে সংগ্রহ ১২ পয়েন্ট। বাকি আর তিনটি ম্যাচ। হারলেই পিছিয়ে পড়বে অভিমন্যু ঈশ্বরণ ব্রিগেড। সেই তাগিদটা শিবিরের সবার মধ্যেই। যা আভাস, তাতে প্রথম এগারোয় পরিবর্তনের সম্ভাবনা কম। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ২৪৩ বল বাকি থাকতে ৯ উইকেটে জয়ে আত্মবিশ্বাস শিখরে। মহম্মদ সামি, আকাশদীপ ও মুকেশ কুমাররা রয়েছেন বিধ্বংসী মেজাজে। পেস আক্রমণই বাংলার প্রধান শক্তি। পাশাপাশি, অভিষেক পোড়েলও শুরুতে ভরসা জোগাচ্ছেন। সুদীপ ঘরামি, অনুষ্টুপ, শাহবাজ আহমেদদের উপস্থিতিতে মিডল অর্ডারও জমাট। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ব্যর্থতা এই আসরে ঢেকে দিতে সঙ্কল্পবদ্ধ দেখাচ্ছে বাংলাকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ