সংবাদদাতা, নাগরাকাটা: নয়ের দশকে সিনেজগতে সাড়া ফেলে দিয়েছিল হিন্দি ছবি আশিকি। কুমার শানুর কণ্ঠে ছবির একের পর এক হিট গান সেদিনের মতো আজও সমান জনপ্রিয়। ২০১৩ সালে নির্দেশক মোহিত সুরি সিকুয়্যাল ‘আশিকি-২’ করে সাড়া ফেলে দিয়েছিলেন। সময় পেরলেও আশিকি নিয়ে বরাবরই নষ্টালজিক সকলে। এবার সেই আশিকি ব্র্যান্ড নামকে ব্যবহার করেই বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনুরাগ বসু তৈরি করছেন ‘আশিকি থ্রি’। যার শ্যুটিংয়ের জন্য বেছে নিয়েছেন উত্তরের ডুয়ার্সকে। তাঁর উদ্যোগেই ফের শ্যুটিং লোকেশন হিসেবে দেশের দরবারে উঠে আসতে চলেছে ডুয়ার্সের নাম। রবিবার দলবল নিয়ে ডুয়ার্সে পা রেখেছেন ‘বরফি’র নির্দেশক। সন্ধ্যায় চালসার একটি বিলাসবহুল হোটেলে ওঠা অনুরাগ বসুকে সংবর্ধনা জানান মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান। সোমবার সকাল থেকে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে তাঁর নতুন সিমেনার শ্যুটিং শুরু করেন অনুরাগ।
এবার তাঁর এই ছবিতে নায়ক বলিউডের নয়া হার্টথ্রব কার্তিক আরিয়ান। হিরোইনের নাম ঘোষণা না করলেও ডুয়ার্সের বিভিন্ন লোকেশনে শুরু করেছেন সিনেমার শ্যুটিং। থাকছে রোমান্টিক গান। অনেকেই মনে করছেন একদিকে আশিকির টেম্পারমেন্টকে কাজে লাগিয়েছেন অনুরাগ বসু। ছবির শ্যুটিংয়ের জন্য বর্তমানে ডুয়ার্সের চালসায় রয়েছেন ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, অ্যাক্টর ও প্রডিউসার অনুরাগ বসু। ‘আশিকি থ্রি’ এরজন্য বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীরাও আসবেন বলে জানা শ্যুটিং টিম সূত্রে জানা গিয়েছে। অনুরাগ বসু ডুয়ার্সে আগামী ২৭ মার্চ পর্যন্ত থাকবেন। এরমধ্যে এদিন সকালে লিস নদীর চরে শ্যুটিং হয়েছে। বিকেলে চালসার টিয়াবনে শ্যুটিং হয়। এছাড়াও আইভিল চা বাগান, চিলৌনি চা বাগান, সামসিং চা বাগানেও শ্যুটিং করা হবে বলে শ্যুটিং টিম সূত্রে জানা গিয়েছে।
২০১২ সালে বলিউড সিনেমা বরফির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ডিরেক্টরের সম্মান পান অনুরাগ বসু। তারআগে ২০০৭ সালে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ড পান তিনি। এবার উত্তরের জনপদে শ্যুটিং এই সিনেমায় এক নতুন সংযোজন বলে মনে করছেন সকলে।