নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: নজরে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। দলের ভিত আরও মজবুত করে তোলার কাজে ঝাঁপালেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার তাঁর উপস্থিতিতে খয়রাশোল ব্লকের পার্টি অফিসে বিশেষ সাংগঠনিক আলোচনা সভা হয়। ব্লকের ১৫৩টি বুথ সভাপতি সহ ১০টি অঞ্চলের সভাপতিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন অনুব্রত। প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে দলীয় নেতৃত্বকে তিনি বেশকিছু পরামর্শও দিয়েছেন। সেইসঙ্গে বেশকিছু বুথে লিড বাড়ানোর পরামর্শও দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
সম্প্রতি নানা ইস্যুতে খয়রাশোল ব্লকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছিল। সেই ব্লকেই সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এবার বিশেষ নজর দেওয়া হল। যদিও অনুব্রত গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উড়িয়ে দেন। ওই ব্লকে সম্প্রতি হওয়া খুনের ঘটনা প্রসঙ্গে তাঁর বক্তব্য, আমি দল করি বলে মার্ডার করার অধিকার আমার নেই। খয়রাশোল শান্তিপ্রিয় জায়গা। তাই থাকবে। খুন করলে পুলিস কাউকে ছাড়বে না।
শেষ লোকসভা নির্বাচনে সামগ্রিকভাবে ওই ব্লক ভালো ফল করেছিল তৃণমূল। প্রায় সাড়ে ৪ হাজার লিড ছিল। আগামী নির্বাচনে সেই লিড বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেইসঙ্গে সামগ্রিকভাবে ব্লকের সাংগঠনিক শক্তি আরও বাড়িয়ে তোলার লক্ষ্যে মহিলা সংগঠনের প্রতিও বিশেষ নজর দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াকফ আইন প্রসঙ্গে অনুব্রত বলেন, হিন্দু মুসলিম না করে মানুষ হওয়া দরকার। ওয়াকফ আইনের বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, চিন্তা করার কারণ নেই। - নিজস্ব চিত্র