সংবাদদাতা, রামপুরহাট: রবিবার নলহাটিতে রামপুরহাট মহকুমার পাঁচটি বিধানসভার নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন অনুব্রত মণ্ডল। সেখানে পাঁচটি বিধানসভার বিধায়ক ছাড়াও জেলা নেতৃত্ব, ব্লক সভাপতি, অঞ্চল নেতৃত্ব ও বিভিন্ন শাখা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে মূলত শহর থেকে পিছিয়ে পড়ার কারণ নিয়ে পর্যালোচনা হয়। সেই সঙ্গে এই জেলায় সাংগঠনিক শক্তি কোন জায়গায় দাঁড়িয়ে তা দেখতে আগামী ২৫, ২৬ ও ২৭ মে রামপুরহাট, সিড়ড়ি ও বোলপুর মহকুমায় দেড় লক্ষ করে কর্মী-সমর্থক নিয়ে মিছিল করার ডাক দিলেন অনুব্রত। সেই মিছিল থেকেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজাতে চলেছে তৃণমূল। অনুব্রতর সাফ কথা, জেলায় ১১টি বিধানসভাতেই জয় চাই। এদিন জেলা সভাপতির সামনে রামপুরহাট মহকুমার আটটি ব্লক সভাপতি ও বিধায়করা নিজ নিজ এলাকার সাংগঠনিক হাল-হকিকত তুলে ধরেন। সেখানে দলের জেলা চেয়ারম্যান তথা রামপুরহাট বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেন, পুরসভা ভোটে কাউন্সিলাররা জিতছেন অথচ অন্যান্য নির্বাচনে শহরগুলি থেকে পিছিয়ে পড়ছে দল। তিনি সভাপতির কাছে পুরসভা ও শহরগুলিতে সংগঠনে জোর দেওয়ার অনুরোধ করেন।



