Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের ২ পান্ডা গ্রেপ্তার

আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের ২ পান্ডা গ্রেপ্তার
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মাড়গ্রামে চোরাই বাইক বিক্রি করতে এসে আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের দুই পান্ডা গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে একটি নম্বরপ্লেটহীন বাইক উদ্ধার করেছে মাড়গ্রাম থানার পুলিস। তারা ধৃতকে জেরা করে আরও চোরাই বাইক উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃত কিরণ শেখ ও হাসু শেখের বাড়ি মুরারইয়ের ঝাড়খণ্ড সীমানা লাগোয়া গোপালপুর গ্রামে। তারা পুরনো বাইকের কারবারি পরিচয় দিয়ে মাড়গ্রামে কিছু ব্যক্তির কাছে চোরাই বাইক বিক্রির চেষ্টা করেছিল। সন্দেহ হলে গ্রামবাসী পুলিসে খবর দেয়। পুলিসের নির্দেশে স্থানীয় এক যুবক কিরণদের ফোন করে বলেন, তিনি বাইক কিনতে আগ্রহী। রবিবার কিরণ ও হাসু একটি বাইক নিয়ে মাড়গ্রামের বিষ্ণুপুরে আসে। তাদের জন্য আগে থেকেই সাদা পোশাকে ওঁত পেতে ছিল পুলিস। গ্রামে ঢুকতেই ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জেরা করে পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে, এই চক্রে ১৫-১৬জন জড়িত। বেশিরভাগই ঝাড়খণ্ডের বাসিন্দা। সেখানকার বাইক চুরি করে রং পাল্টে, ভুয়ো নম্বরপ্লেট লাগিয়ে, জাল কাগজপত্র তৈরি করে বিক্রি করে। আবার এরাজ্যের বাইক চুরি করে ঝাড়খণ্ডে বিক্রি করে। কিরণ বাইক চুরিতে সিদ্ধহস্ত।
কয়েকমাস আগে রামপুরহাট থানার পুলিসের হাতে চোরাই বাইক সহ ধরা পড়েছিল কিরণ। তার কাছে পুলিস এই চক্রের অন্যতম পাণ্ডা মাড়গ্রামের স্বপন মণ্ডলের নাম জানতে পারে। স্বপন রামপুরহাটের ঝাড়খণ্ড সীমানা লাগোয়া মাসড়া গ্রামে বাইকের পার্টসের আড়ালে চোরাই বাইকের কারবার করে। পুলিস সেখানেও হানা দিয়ে ছ’টি বাইক উদ্ধার করে। মুরারই, পাইকর, নলহাটি থানার পুলিসও একাধিকবার কিরণকে গ্রেপ্তার করে কিছু বাইক উদ্ধার করেছে। সে চোরাই বাইক ৩০-৫০ হাজার টাকায় বিক্রি করে।
সম্পর্কিত সংবাদ