Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আন্তঃজেলা সিনিয়র ক্রিকেটে মেদিনীপুরের কাছে হারল বর্ধমান

আন্তঃজেলা সিনিয়র ক্রিকেটে মেদিনীপুরের কাছে হারল বর্ধমান
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: মেদিনীপুরের কাছে হেরে সিএবি পরিচালিত আন্তঃজেলা সিনিয়র সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নিল বর্ধমান। গ্রুপের দু’টি খেলাতেই জিতে পরের পর্বে খেলার যোগ্যতা অর্জন করল মেদিনীপুর। এদিন মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে ঘরের টিমের কাছে ৪ উইকেটে হেরে যায় বর্ধমান। প্রথম খেলায় বাঁকুড়ার বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বর্ধমান। সেই দলের ৬ খেলোয়াড় কলকাতা লিগে খেলার জন্য এদিন জেলার হয়ে খেলতে পারেননি। ফলে কিছুটা দুর্বল দল নিয়েই মেদিনীপুরের বিরুদ্ধে লড়তে হয় বর্ধমানকে। আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা ওপেনার মোহিত রায় এদিন ক্লাব ক্রিকেটের কারণে খেলতে পারেননি। যদিও তাঁর অনুপস্থিতিতেও শুরুটা মন্দ করেনি বর্ধমান। অয়ন চোংদার ও নিখিল সিনহা ওপেনিং জুটিতে ৮৭ রান তোলেন। অয়ন ৬০ বলে ৩৯ রান করে আউট হন। এরপর বাসুদেব ঘোষালের সঙ্গে জুটি বেঁধে নিখিল দলের স্কোরকে ১২৪ পর্যন্ত টেনে নিয়ে যান। ৫৭ বলে ৩টি ওভার বাউন্ডারি ও ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ৬২ রান করেন নিখিল। বাসুদেব ৪৯ বলে ৩টি ওভার বাউন্ডারি ও সমসংখ্যক বাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন। ১২৪ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। তৃতীয় উইকেটের পতন হয় ১৪০ রানে। তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বর্ধমানের ইনিংস। বাকি ব্যাটাররা কেউই দাঁড়াতে পারেননি। 
Advertisement
শেষ পর্যন্ত ৩৯.৩ ওভাবে ১৭৯ রানে গুটিয়ে যায় বর্ধমানের ইনিংস। মেদিনীপুরের হয়ে প্রাংশু বিশাল তুলেশাং দুর্দান্ত বোলিং করেন। তিনি ৮.৩ ওভার বল করে ২৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। সুকৃতি জানা ৪৮ রান দিয়ে ৩টি এবং অরণ্য হাজরা ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৩৪.২ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তুলে ম্যাচ জিতে নেয় মেদিনীপুর। 
ওপেন করতে নেমে সৌমেন মহান্তি ৯২ বলে ৪৭ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক রাহুল কুণ্ডু ৪২ এবং সুমন ঘোষ ২৩ রান করেন। রোহন দাস ২৯ রান করে অপরাজিত থাকেন। বর্ধমানের হয়ে কিশান কুমার ও অভিজিৎ প্রসাদ যথাক্রমে ২০ ও ৩৬ রান দিয়ে ২টি উইকেট নেন।
সম্পর্কিত সংবাদ