সংবাদদাতা, বহরমপুর: বেলডাঙা বড়ুয়া যুবক সঙ্ঘের মাঠে অনূর্ধ্ব ১৪ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতার দু’টি সেমিফাইনাল হল বুধবার। এদিন সকালে প্রথম সেমিফাইনালে দক্ষিণ ২৪ পরগনা জেলা দল ৭-০ গোলে কালিম্পং জেলাকে হারায়। বিজয়ী দলের শুভদীপ পাত্র এদিনের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। বিকেলে পশ্চিম বর্ধমান জেলা দল ২-১ গোলে উত্তর ২৪ পরগনা জেলা দলকে হারিয়ে ফাইনালে পৌঁছয়। বিজয়ী দলের সাগিন হাঁসদা জয়সূচক গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
Advertisement
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বরে আইএফএর উদ্যোগে রাজ্য যুব ও ক্রীড়া দপ্তরের আর্থিক সহায়তায় মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা শুরু হয়। রাজ্যের ২৪টি জেলা দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়। সেই প্রাথমিক পর্বের লিগের খেলাগুলি রাজ্যের আটটি জায়গায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল নিয়ে দু’টি ভাগে ভাগ করে লিগ ভিত্তিতে খেলাগুলি হয় পূর্ব মেদনীপুর ও জলপাইগুড়ি জেলায়। চূড়ান্ত পর্বের খেলা ব্যবস্থাপনার দায়িত্ব পায় মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থা।
প্রসঙ্গত, প্রাথমিক পর্বে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান জেলা দলকে পরাজিত করে। তবে, উভয় দলের পয়েন্ট সমান হওয়ায় গোল পার্থক্যে পশ্চিম বর্ধমান এগিয়ে থাকায় তারা দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পায়। আগামী ২১ ফেব্রুয়ারি বিকেল প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে।