বিশেষ সংবাদদাতা, ইটানগর: বাঁধ-বিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা অরুণাচল প্রদেশে। প্রস্তাবিত সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্টের প্রতিবাদে বুধবার ইয়িংকিয়ংয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। বিক্ষোভকারীরা স্থানীয় বিজেপি বিধায়ক আলো লিবাংয়ের বাড়ি ঘেরাও করে। একসময় তারা বিধায়কের বাড়িতে ঢুকে পড়ে। রাস্তায় একাধিক গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রস্তাবিত প্রকল্পের ‘প্রি-ফিজিবিলিটি রিপোর্ট’ প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবিতে সরব হয় স্থানীয়রা।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর ইয়িংকিয়ং সফরকে ঘিরেও আগে থেকেই স্থানীয়দের মধ্যে বিতর্ক তৈরি হয়েছিল। প্রস্তাবিত সফরের বিরোধিতা করে প্রকল্প-সংক্রান্ত কাজের জন্য মোতায়েন করা অতিরিক্ত নিরাপত্তাকর্মীদের প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন তারা। ১০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রস্তাবিত এই প্রকল্পটি বেশ কয়েক বছর ধরেই বিতর্কের কেন্দ্রে। বর্তমানে মূল বিতর্ক এর সমীক্ষা ঘিরে। স্থানীয়দের একাংশ এই সমীক্ষায় আপত্তি তুলেছে। এই প্রকল্পের ফলে দৈনন্দিন জীবন, জীবিকা, জমি ও পরিবেশের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, প্রি-ফিজিবিলিটি রিপোর্ট তৈরির অর্থ এই নয় যে সেখানে বাঁধ নির্মাণ হবেই। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের হিংসা বা সরকারি সম্পত্তি নষ্ট না করে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। প্রস্তাবিত প্রকল্পের বিরোধিতার মধ্যেই সিয়াং ও আপার সিয়াং জেলায় দু’দিনের সফরে রয়েছেন খান্ডু। নিজস্ব চিত্র