নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘বর্তমান’ খবরের কাগজের খবরের জেরে পরিবহণ দপ্তরের চেক পোস্টকে কেন্দ্র করে দুনীর্তির তদন্তে তৎপর হল দুর্নীতি দমন শাখা। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে রাজস্থান ধাবার মালিক পঞ্চানন মণ্ডলকে গ্রেপ্তার করেছে তারা। অভিযোগ, রাজস্থান থেকে এই রাজ্যে যত লরি, ট্রেলার, ডাম্পার আসত পরিবহণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ‘সেটিং’ করে তা জরিমানা ছাড়াই রাজ্যে ঢুকিয়ে দিতেন তিনি ও তাঁর দলের লোকজন। অনেক সময়ে রাস্তার উপর দাঁড়িয়ে ডান্ডা ট্যাক্সও আদায় করত তারা। নতুন করে এই তদন্তের গতি আশায় অনেকেই খুশি।
ঘটনার সূত্রপাত সরকার বদলের কয়েক মাসের মধ্যেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, কুলটি থানার রামপুর চেক পোস্টে অবৈধ ভাবে টাকা আদায়ের অভিযোগে দু’জন এমভিআই ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। পরে তিনি সংবাদ মাধ্যমের একাংশকে জানান, পুলিশ এই ঘটনার তদন্ত করে। অভিযুক্তদের গ্রেপ্তারও করা হবে। পরবর্তী কালে ভিন জেলা থেকে কুলটি থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আনে। তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, প্রতি দিন লক্ষ লক্ষ টাকার খেলা চলে এখানে। ভিন রাজ্য থেকে আসা গাড়িগুলি থেকে টাকা আদায়ের জন্য দালালদের সিন্ডিকেট গড়ে উঠেছে। মূলত, এই এলাকার গজিয়ে ওঠা হোটেল, ধাবাগুলির একাংশ থেকেই এই টাকা তোলার কারবার চলত বলে পুলিশ সূত্রে জানা যায়। পরিবহণ দপ্তরের আধিকারিদের সঙ্গে যোগসাজেসেই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ হতো। পুলিশ দুই পরিবহণ আধিকারিককে গ্রেপ্তার করার পাশাপাশি রাস্তা থেকে টাকা আদায়ের কাজে যুক্ত দুই দালালকেও গ্রেপ্তার করে। ঘটনা নিয়ে প্রথম দু’ মাস তৎপরতা থাকলেও তারপর সব কিছুই ধামাচাপা পড়ে যায়। জামিনে মুক্তও হয়ে যায় অভিযুক্তরা। পরবর্তী ক্ষেত্রে জানা যায়, মামলাটির তদন্তভার গিয়েছে রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে। কিন্তু তাঁদের কোনো সক্রিয়তা স্থানীয়দের নজরে আসেনি। বিষয়টি নিয়ে ‘বর্তমান’ পত্রিকায় খবরও প্রকাশিত হয়। তারপরই তৎপরতা দেখা গেল দুর্নীতি দমন শাখার আধিকারিকদের।
বৃহস্পতিবার একটি বড় টিম হাজির হয় এলাকায়। প্রথমেই রামপুর চেক পোস্টের অদূরে রাজস্থান ধাবায় অভিযান চালানো হয়। তার মালিক পঞ্চানন মণ্ডলের সালানপুর স্টেশন কলোনির বিলাসবহুল বাড়িতেও তল্লাশি চলে। গ্রেপ্তার হয় পঞ্চাননকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহির চেক পোস্টের কাছেই রয়েছে পরিবহণ দপ্তরের রামপুর চেক পোস্ট। ভিন রাজ্যের সঙ্গে বাংলার যোগাযোগের অন্যতম লাইফ লাইন ১৯ নম্বর জাতীয় সড়কে অবৈধ পরিবহণ আটকাতেই এই চেক পোস্ট। মূলত ওভারলোডিং গাড়ি থেকে জরিমানা আদায়, গাড়ির ডালায় কারসাজি করে বেশি সামগ্রী নিয়ে যাওয়ার উপর জরিমানা নেওয়ার নিয়ম রয়েছে। অভিযোগ, জরিমানার বিপুল টাকা ‘ম্যানেজ’ করতেই গাড়ি মালিক ও চালকরা ঘুষ সিয়ে পার পেতে চায়। এই টাকা তোলার সঙ্গে এলাকায় সক্রিয় হয় দালাল চক্র। পঞ্চানন মণ্ডলের আগে একটি চায়ের দোকান ছিল। দরিদ্র পরিবারের পঞ্চানন ওরফে পাঁচুকে এই টাকা তোলার জন্য একজন নিযুক্ত করে। পরে রাজস্থান থেকে আসা গাড়ির মালিক, চালকদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলে পঞ্চানন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করেই চেক পোস্ট থেকে গাড়ি পার করিয়ে দিত তারা। জাতীয় সড়কের পাশে রাজস্থানী ধাবা খোলে সে। সেখানেই রাজস্থানী চালকরা আসত। তারপরই সুযোগ বুঝে নিয়ম ভেঙেই গাড়ি ঢুকে পড়ত রাজ্যের নানা প্রান্তে।



