নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৯ সালে অ্যানরিখ নর্তজেকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চোটের কারণে সেবার একটি ম্যাচেও খেলা হয়নি তরুণ প্রোটিয়া পেসারের। তা সত্ত্বেও পেয়েছিলেন প্রচারের আলো। আর সেটাই তাঁর কেরিয়ারে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। এখন অ্যানরিখ নর্তজে বিশ্ব ক্রিকেটে বড় নাম। দক্ষিণ আফ্রিকার এই তারকাকে মেগা নিলামে ৬.৫ কোটি টাকায় ফের দলে নিয়েছে কেকেআর। ইডেনে অনুশীলনের ফাঁকে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। নর্তজে বলছিলেন, ‘কেকেআরই প্রথম আমার পাশে দাঁড়িয়েছিল। তাই এই ফ্র্যাঞ্চাইজির কাছে আমি ঋণী। নাইটদের জার্সিতে সেরাটা মেলে ধরতে মুখিয়ে রয়েছি। দলকে চূড়ান্ত সাফল্য এনে দেওয়াই লক্ষ্য।’
গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল মিচেল স্টার্কের। তবে এবার তাঁকে ধরে রাখা হয়নি। তাঁর অভাব ঢাকতে স্পিডস্টার নর্তজেকে দলে টেনেছে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। ১৪৫-১৫০ কিমি গতিতে বল করতে পারেন এই প্রোটিয়া পেসার। এমনকী আইপিএলে ১৫৫ কিমি’র গণ্ডিও একাধিকবার টপকেছেন। বলাই বাহুল্য, গতির বিস্ফোরণই নর্তজের প্রধান অস্ত্র। তবে চোটের কারণে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেননি তিনি। তাই পুরোপুরি ম্যাচ ফিট হতে কিছুটা সময় প্রয়োজন। নর্তজের কথায়, ‘জোরকদমে ট্রেনিং চলছে। উদ্বোধনী ম্যাচের জন্য তৈরি। নাইট সমর্থকদের উন্মাদনা আমার জানা। অনুশীলনেই তো আমাদের জন্য গলা ফাটাতে অনেক অনুরাগী হাজির হয়। ভরা ইডেনে খেলার অনুভূতিটা স্পেশাল হতে চলেছে। সেই উদ্দীপনা কাজে লাগিয়ে সেরাটা মেলে ধরার চেষ্টা করব।’ নর্তজে ছাড়াও কেকেআরের পেস বিভাগে রয়েছেন স্পেনসার জনসন, হর্ষিত রানা, বৈভব অরোরা। গতির হেরফেরে ব্যাটসম্যানকে চমকে দিতে তৈরি আন্দ্রে রাসেলও। তবে ভারতীয় স্পিডস্টার উমরান মালিক ফিটনেস সমস্যায় ছিটকে গেলেন। তাঁর পরিবর্ত হিসেবে ঘোষিত হয়েছে বাঁ-হাতি মিডিয়াম পেসার চেতন সাকারিয়ার নাম। ৭৫ লক্ষ টাকায় তাঁকে নিয়েছে কেকেআর।
এদিকে, রবিবার সল্টলেকে যাদবপুরের প্র্যাকটিস গ্রাউন্ডে অপশনাল প্র্যাকটিস রেখেছিল কেকেআর। সেখানে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডয়েন ব্র্যাভোর তত্ত্বাবধানে গা ঘামালেন সুনীল নারিন, রভম্যান পাওয়েলরা। তারকাদের জন্য গলা ফাটাতে বেশ কয়েকজন সমর্থকও উপস্থিত হয়েছিলেন। নিজস্বীর আবদার মেটানোর পাশাপাশি অনুরাগীদের সঙ্গে নিজের গাওয়া ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গানে কোমর দোলাতেও দেখা গেল ব্র্যাভোকে। কেকেআরের সিংহভাগ ক্রিকেটার ইতিমধ্যে শিবিরে যোগ দিয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী ক্রিকেটারদের কয়েকদিন বিশ্রাম দেওয়া হয়েছিল। টিম সূত্রে খবর, সোমবারই কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দেবেন হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। উল্লেখ্য, দুবাইয়ে ভারতের মিনি বিশ্বকাপ জয়ে রোহিতের তুরুপের তাস ছিলেন মিস্ট্রি স্পিনার বরুণ। হর্ষিতও সুযোগের সদ্ব্যবহার করেছেন। এবার আইপিএলে সেই ছন্দ ধরে রাখাই তাঁদের লক্ষ্য।