Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

তিন মাসের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যু খড়্গপুর আইআইটিতে! চাঞ্চল্য ক্যাম্পাসজুড়ে

মাত্র তিন মাসের ব্যবধানে ফের আত্মহত্যার ঘটনা ঘটল খড়্গপুর আইআইটিতে। এবার এক অধ্যাপকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল আইআইটি ক্যাম্পাস থেকে।

তিন মাসের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যু খড়্গপুর আইআইটিতে! চাঞ্চল্য ক্যাম্পাসজুড়ে
  • ২৯ জুলাই, ২০২৬ ১৫:১৯
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: মাত্র তিন মাসের ব্যবধানে ফের আত্মহত্যার ঘটনা ঘটল খড়্গপুর আইআইটিতে। এবার এক অধ্যাপকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল আইআইটি ক্যাম্পাস থেকে। বুধবার সকাল ১১টা নাগাদ খড়্গপুর আইআইটির কর্মী-আবাসন (স্টাফ কোয়ার্টার) থেকে এক অধ্যাপকের দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ। দ্রুত তাঁর দেহ খড়্গপুর আইআইটির বিসি রায় হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম দীপক রেড্ডি (২৫)। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই অধ্যাপকের বাড়ি হায়দরাবাদে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

Advertisement

আইআইটি ক্যাম্পাসের ২বিআর-১৪ নং রুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কোয়ার্টারে তিনি একাই থাকতেন। ওই অধ্যাপক মানসিক অবসাদে ভুগছিলেন কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে, সপ্তাহের মাঝেই এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে। এর আগে গত ২৮ এপ্রিল সোহম হালদার (২২) নামে এক পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল। তিনি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (বি.টেক)-এর চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন। গত ১৮ এপ্রিল খড়্গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া জয়বীর সিং দোডিয়ার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল পড়ুয়াদের একটি আবাসনের নিচ থেকে। সবমিলিয়ে গত ১৯ মাসে আইআইটি খড়্গপুরের ৯ জন পড়ুয়া ও এক জন অধ্যাপকের অস্বাভাবিক মৃত্যু হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ