টোকিও: মঙ্গলবার ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.১। ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করে প্রশাসন। যদিও দু’ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে এই ভূমিকম্প হয় । উৎসস্থল ছিল প্রশান্ত মহাসাগরের ১০ কিলোমিটার গভীরে। কম্পনের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক বাড়ি। একাধিক বিভিন্ন রাস্তায় বড়ো ফাটল তৈরি হয়েছে। জখম কমপক্ষে ৫০ জন। তবে মৃত্যুর কোনো খবর মেলেনি। জোর কদমে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকিতে ভূমিকম্পের সতর্কতা জারি করেছে প্রশাসন। প্রত্যেকটি অঞ্চল কিউশু দ্বীপের। দক্ষিণ-পশ্চিম জাপানে ভূমিকম্প হতেই পরমাণু কেন্দ্রগুলি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, কোনো কেন্দ্রে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।



