নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কখনও আধার কার্ড, কখনও আবার প্যান এবং সরকারি পরিচয়পত্র চাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের এই ধরনের কাজকর্মে রীতিমতো বিরক্ত পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইবুনালে কর্মরত বিচারপতিদের একাংশ। এই আবহে এবার ট্রাইবুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে চিঠি লিখে ট্রাইবুনাল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন এই অবসরপ্রাপ্ত বিচারপতি। মুর্শিদাবাদ জেলার বাদ যাওয়া ভোটারদের আবেদন নিষ্পত্তির দায়িত্বে ছিলেন তিনি।
মাসখানেক আগে এই ট্রাইবুনাল থেকে সরে গিয়েছিলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে তিনি জানিয়েছিলেন, নিত্যদিন ভাঙাচোরা রাস্তা দিয়ে সল্টলেকের বাড়ি থেকে জোকার ট্রাইবুনাল পর্যন্ত যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি বসু। বর্তমানে ট্রাইবুনালে অবসরপ্রাপ্ত বিচারপতির সংখ্যা ১৭। সূত্রের খবর, ট্রাইবুনালের প্রতিদিন কাজ হচ্ছে না। ফলে জমে থাকা আবেদন নিষ্পত্তির কাজ আরও শ্লথ হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।



