নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তবে আশার কথা হল, এটির কোনো প্রভাব পশ্চিমবঙ্গসহ দেশের কোথাও পড়বে না। আপাতত আশা করছেন আবহাওয়াবিদরা। ৩ অক্টোবর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। উত্তর আন্দামান সাগর এবং লাগোয়া মায়ানমারের উপর আজ সোমবার নাগাদ এই নিম্নচাপটি তৈরি হবে। জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এটি তারপর মায়ানমার-বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে সরে আসবে। নিম্নচাপটি বাংলাদেশ-মায়ানমার উপকূল অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। নিম্নচাপটি খুব শক্তিশালী হবে এমন ইঙ্গিত রবিবার পর্যন্ত দেওয়া হয়নি। থাইল্যান্ডে সম্প্রতি ব্যাপক বৃষ্টিপাত যে ঘূর্ণাবর্তটির জন্য হয়েছে, সেটাই বঙ্গোপসাগরে নিম্নচাপের রূপ নিতে চলেছে।
কয়েকদিন আগে বঙ্গোপসাগরে যে শক্তিশালী নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেটি এদিন দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে মধ্য উত্তরপ্রদেশের উপর ছিল। এটি উত্তর, উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে আরও দুর্বল হবে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে নিম্নচাপের প্রভাবে উত্তরপ্রদেশ জুড়ে এবং বিহারের বেশকিছু জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পূর্ব উত্তরপ্রদেশের ফারুকাবাদের কইমগঞ্জে ৩২০ মিমি বৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ৯০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ১৯০ মিমি বৃষ্টি হয়েছে বিহারের চম্পারণ জেলার বাল্মীকিনগরে। বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে। সেখানে আজ সোমবারও প্রচুর বৃষ্টি হতে পারে। এদিকে রাজ্যে বৃষ্টি অনেক কমে গিয়েছে। কলকাতাসহ অনেক জায়গায় আকাশ বেশ কয়েকদিন পর পরিষ্কার হয়ে ঝকঝকে রোদ উঠেছে রবিবার। এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় একটু বেশি বৃষ্টি হয়েছে। পুরুলিয়ার তুসুমায় সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪৮ মিমি।