বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ,  দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শুক্রবার বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এটি শক্তি বাড়াবে বলে বৃহস্পতিবার জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে নিম্নচাপটির গতিপ্রকৃতি কী হবে বা এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না, সেই ব্যাপারে এদিন পর্যন্ত কিছু জানানো হয়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, পশ্চিমবঙ্গের উপর এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে সেটা আগামী দিনকয়েকের মধ্যে বোঝা যাবে। আপাতত মঙ্গল-বুধবার (২৭-২৮ অক্টোবর) কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিকর্তা জানান, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস সক্রিয় হয়। তা থেকে তৈরি হয় বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি। পুজোর প্রথম দিকে কলকাতায় এবং একাধিক জেলায় কয়েকদিনের বৃষ্টির কারণ ছিল এটাই। তখন  তামিলনাড়ু-শ্রীলঙ্কা উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। এবার একটি শক্তিশালী নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে। সেটি উপকূলের কোন দিকে যাবে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার পর্যন্ত তা জানায়নি। 

Advertisement

মৌসম ভবন  জানিয়েছে, আন্দামান দ্বীপপুঞ্জ লাগোয়া উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়। সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে বৃহস্পতিবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর ছিল। এটি আপাতত একই অভিমুখে এগিয়ে আজ শুক্রবার নাগাদ দক্ষিণ-পূর্ব এবং লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হবে। এরপর এটি একই অভিমুখে এগনোর পথে শক্তি বৃদ্ধি করবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আপাতত ইঙ্গিত, এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। অক্টোবর-নভেম্বর, এই দুমাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়। নিম্নচাপ তৈরির পর সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। আবহাওয়া অধিকর্তা জানান, নিম্নচাপটির গতিপ্রকৃতির ব্যাপারে প্রতিদিনই আপডেট দেওয়া হবে। এটির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। কয়েকদিন যাবৎ কলকাতাসহ দক্ষিণবঙ্গে আকাশ ঝকঝকে পরিষ্কার আছে। আগামী সপ্তাহে এই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে। ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।