Bartaman Logo
১ জুন, ২০২৬

আরও একটা জুমলা? বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দের দাবিতে প্রশ্ন

বাংলার জন্য রেলের ‘রেকর্ড’ বরাদ্দের দাবিও কি আদতে ‘জুমলা’ই? ২০২৬-২৭ অর্থবর্ষে রেলের বরাদ্দকৃত অর্থের পরিমাণে এগিয়ে একাধিক বিজেপি শাসিত রাজ্য।

আরও একটা জুমলা? বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দের দাবিতে প্রশ্ন
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: বাংলার জন্য রেলের ‘রেকর্ড’ বরাদ্দের দাবিও কি আদতে ‘জুমলা’ই? ২০২৬-২৭ অর্থবর্ষে রেলের বরাদ্দকৃত অর্থের পরিমাণে এগিয়ে একাধিক বিজেপি শাসিত রাজ্য। পূর্বতন কংগ্রেস আমলের তুলনায় এবারের বাজেটে কোথাও বরাদ্দ বৃদ্ধির হার ২৪ গুণ, কোথাও আবার ২৯ গুণ কিংবা ২৬ গুণ। আর ভোটমুখী রাজ্য পশ্চিমবঙ্গে? মাত্র তিন গুণ। রেলের বাজেট বরাদ্দ বৃদ্ধির হারে দেশের মধ্যে সবচেয়ে কম! রেলের বাজেট নথিতেই তা স্পষ্ট।

Advertisement

গত রবিবার সাধারণ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রের এবারের বাজেটেও উপেক্ষিত বাংলা। এমনকি কলকাতার একাধিক মেট্রো প্রকল্পের বরাদ্দেও কোপ পড়েছে। রাজ্যের শাসক দলের এই অভিযোগের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেন, বাংলায় রেলের প্রকল্পে রেকর্ড বরাদ্দ করা হয়েছে। কংগ্রেস আমলে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলায় রেলপ্রকল্পে বছরে গড়ে ৪ হাজার ৩৮০ কোটি টাকা করে দেওয়া হত। এবারের বাজেটে বাংলায় ওই বার্ষিক গড়ের প্রায় তিনগুণ ১৪ হাজার ২০৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যদিও তথ্য বিশ্লেষণ করে রেল বিশেষজ্ঞ মহলের কটাক্ষ, আদতে বাংলাকে রেলে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। কেন?  নথিতে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের রেল প্রকল্পে এবারের বাজেটে ২০ হাজার ১২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। মন্ত্রী যে ইউপিএ জমানার কথা বলছেন, তার নিরিখে এই বরাদ্দ বৃদ্ধির হার প্রায় ১৮ গুণ। আর এক বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে রেলের বাজেট বরাদ্দ বৃদ্ধির হার প্রায় ২৬ গুণ। ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য রাজস্থানে ১৫ গুণ রেল বাজেট বরাদ্দ বাড়িয়েছে মোদি সরকার। বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে রেলে বাজেট বরাদ্দ হয়েছে ২৩ হাজার ৯২৬ কোটি টাকা। এক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির হার প্রায় ২০ গুণ। মধ্যপ্রদেশে প্রায় ২৪ গুণ বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে কেন্দ্র। রেল জানিয়েছে, ২০০৯-২০১৪ সাল পর্যন্ত বছরে গড়ে মধ্যপ্রদেশকে দেওয়া হতো ৬৩২ কোটি টাকা করে। ২০২৬-২৭ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ১৫ হাজার ১৮৮ কোটি টাকা। এমনকি বিহারেও রেলের বরাদ্দ বেড়েছে প্রায় ন’গুণ। এবং প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতে বৃদ্ধি পেয়েছে প্রায় ২৯ গুণ। যা দেশে সর্বোচ্চ।

সম্পর্কিত সংবাদ