নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রী স্বাচ্ছন্দ্যকে আরও উন্নত করার লক্ষ্যে শিয়ালদহ স্টেশনে চালু হল আরও একটি প্রবেশদ্বার। মূলত দূপাল্লার ট্রেনের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বৃহস্পতিবার থেকে নতুন এই গেট খুলে দেওয়া হল। ব্যস্ত শিয়ালদহ স্টেশনে প্রবেশ ও প্রস্থানের জন্য চারটি প্রধান গেট ছিল। তার সঙ্গে যুক্ত হল সেন্ট্রাল গেট। দূরপাল্লার ট্রেনের যাত্রীরা এই গেট দিয়ে বেরিয়ে সোজা প্রিপেইড ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবেন। এছাড়া যাত্রীদের ট্রেন যাত্রাকে আরও মসৃণ করতে শিয়ালদহ ডিভিশনের তরফে প্ল্যাটফর্ম অনুযায়ী উপযুক্ত প্রবেশদ্বার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্ল্যাটফর্ম ১–৫ (মেইন লাইন): নৈহাটি, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর সিটি জংশন ও গেদে অভিমুখী যাত্রীদের জন্য প্রফুল্ল দ্বার অথবা নর্থ গেট। প্ল্যাটফর্ম ৬–১০ (নর্থ/মেইন): বারাসত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি ও বারুইপাড়া অভিমুখী যাত্রীদের জন্য মেইন এন্ট্রি গেট। প্ল্যাটফর্ম ১১–১৪ (মেল/এক্সপ্রেস) দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের জন্য নির্ধারিত প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলির জন্য সেন্ট্রাল গেট। প্ল্যাটফর্ম ১৫–২১: শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের জন্য সাউথ এন্ট্রি গেট। ভবিষ্যতের সেন্ট্রাল গেটের আশেপাশে অ্যাপ-ভিত্তিক ক্যাব পিক-আপ ও ড্রপ পয়েন্ট এবং একটি আধুনিক শৌচাগার কমপ্লেক্স গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।



