নিজস্ব প্রতিনিধি, বারাসত: অন্য একটি তোলাবাজির মামলায় ধৃত বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে শুক্রবার বারাসত জেলা আদালতে চার্জশিট পেশ করল বাগুইআটি থানার পুলিশ। এ নিয়ে তাঁর বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা পড়ল। তোলাবাজির অভিযোগে গত ১ জুলাই দেবরাজকে গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। গত ৬ আগস্ট তাঁর বিরুদ্ধে আদালতে ১৫০ পাতার চার্জশিট জমা করেছিল পুলিশ। জানা গিয়েছে, ভিআইপি রোডের ধারে একটি খাবারের দোকান ভাঙার কাজে লোহা সংগ্রহের বরাত পেয়েছিল একটি সংস্থা। অভিযোগ, ওই সংস্থার মালিকের কাছে এক কোটি টাকা তোলা দাবি করেছিলেন দেবরাজ। তোলার সম্পূর্ণ টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশি হেপাজতে থাকাকালীন ওই ব্যবসায়ী দেবরাজের বিরুদ্ধে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করেন। শুরু হয় তদন্ত। তদন্তের পর শুক্রবার দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার দ্বিতীয় মামলার চার্জশিট পেশ করা হয়। অন্যদিকে, দেবরাজের বিরুদ্ধে মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ীর থেকে ৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল। শুক্রবার সেই ব্যবসায়ীকে ডেকে পাঠায় ইডি। টাকা চাওয়ার একটি অডিয়ো ক্লিপ পেনড্রাইভে করে ইডিকে জমা করেন তিনি।



