নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে আরও একটি ক্যাথল্যাব চালু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই মেশিনটি উদ্বোধন করবেন। সবকিছু ঠিক থাকলে এক মাসের মধ্যেই এই মেশিনটি চালু হবে। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে একটি ক্যাথল্যাব আছে। কিন্তু, সম্প্রতি রোগীর ভিড় বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছিল। চিকিৎসা পেতে রোগীদের অনেক সময় অপেক্ষা করতে হচ্ছিল। সেকারণে আরও একটি নতুন ক্যাথল্যাব বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ বলেন, দু’টি মেশিন চালু থাকলে অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টির মতো মাসে প্রায় ৫০০টি কেস করা যাবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলার রোগীরাই উপকৃত হবেন। অনাময় হাসপাতালেই একমাত্র উন্নতমানের হার্টের চিকিৎসার পরিকাঠামো রয়েছে। করোনার পর থেকেই হাসপাতালে হার্টের রোগীর সংখ্যা বেড়েছে। সেকারণে দু’টি ক্যাথল্যাব জরুরি হয়ে পড়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখানে চিকিৎসকের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। হার্ট এবং নিউরো চিকিৎসার জন্য অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে দুই বর্ধমান ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ এবং হুগলির একাংশের রোগীরা চিকিৎসার জন্য আসেন। দিনে প্রায় ৫৫০-৬০০জন রোগীর চিকিৎসা এখানে হয়। যদিও রোগীদের অভিযোগ, এই হাসপাতালে হার্ট অপারেশনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। অনেক সময় যোগাযোগ না থাকলে চিকিৎসা থেকে বঞ্চিত হতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, হাসপাতালে রোগীর চাপ আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। সেই কারণেই অপারেশনের সময় পেতে একটু অপেক্ষা করতে হয়।



