নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বৃহস্পতিবারের পর শনিবার। ফের কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। এবার ইটের গাড়ি উল্টে মৃত্যু হল এক যুবকের। শনিবার ঘটনাটি ঘটেছে ঘোলা থানার অধীন তেঘরিয়া মল্লিকপাড়া মোড়ে। মৃত যুবকের নাম সাইফুল সর্দার (২৮)। বাড়ি নিমতা ছোট ফিঙা এলাকায়। মাত্র একদিন আগে বৃহস্পতিবার সকালে এদিনের দুর্ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে, নিমতা শ্রীদুর্গাপল্লিতে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছিল সুকুমার দাস (৬৫) নামে এক হোমিওপ্যাথি চিকিৎসকের। একদিনের ব্যবধানে ফের আর একজনের মৃত্যু হল। পরপর এমন দুর্ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বৃহস্পতিবারের মত এদিনও তাঁরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবরোধ শুরু করেন। তার ফলে একটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলার পর ঘোলা এবং নিমতা থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, এদিন দুপুরে একটি ইটবোঝাই ম্যাটাডোর সোদপুর থেকে নিমতার দিকে যাচ্ছিল। তখন ওই গাড়িটিকে মোটর ভেহিকেল ইনস্পেক্টর অফিসের একটি গাড়ি ধাওয়া করে। দ্রুতগতিতে পালাতে গিয়ে ম্যাটাডোরটি মল্লিকপাড়া মোড়ে ফ্লাইওভারের আন্ডারপাস দিয়ে ডান দিকে বাঁক নেওয়ার সময় উল্টে যায়। তখন আন্ডারপাসে একটি ছাতুর দোকানের সামনে দাঁড়িয়েছিলেন সাইফুল। ম্যাটাডোরটি বাঁক নিতেই বাঁদিকের ডালা খুলে উল্টে যায় এবং গাড়িতে থাকা ইট ছড়িয়ে পড়তে শুরু করে। সেই ইটের নীচেই চাপা পড়ে যান ওই যুবক। পরে ইট সরিয়ে সাইফুলকে উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারাই। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আরও একজন জখম হয়েছেন।
এদিকে বিক্ষোভকারীদের প্রশ্ন, কেন বার বার কল্যাণী এক্সপ্রেসওয়ের এই অংশে দুর্ঘটনা ঘটছে? কল্যাণী এক্সপ্রেসওয়েতে সঠিক নজরদারির অভাবের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন বাসিন্দাদের একাংশ। এক বাসিন্দার কথায়, এদিন এমভিআইয়ের গাড়িটি ওই ম্যাটাডোরের পিছনে ধাওয়া করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। যাঁরা ওই গাড়িতে ছিলেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে এদিন দুপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের নিমতাগামী লেন অবরোধ করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ এসে পৌঁছয়। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও অবরোধ তুলতে রাজি হননি বাসিন্দারা। এরপর ডি সি সাউথ কুন্তল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছয়। লাঠি উচিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। ধীরে ধীরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে, ওই দুর্ঘটনার পর ম্যাটাডোরের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। গাড়িটিকে আটক করেছে পুলিশ।



