মুম্বই: বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা এখন অনেকটাই জৌলুসহীন। ভোটভুটি প্রায় উঠেই গিয়েছে। এবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আইপিএল চেয়ারম্যান হতে চলেছেন অরুণ ধুমাল। আইপিএল গভর্নিং কাউন্সিলের আর একটি পদেও ভোটাভুটি হচ্ছে না। সবই আগে থেকে ঠিক করা। আসলে বোর্ড রাজনীতিতে এখন বিরোধী শূন্য। সবাই ভয়ে-ভীতিতে শাসক ঘনিষ্ঠ। জয় শাহ আইসিসি চেয়ারম্যান হলেও তাঁর নির্দেশ ছাড়া বোর্ডের একটিও সিদ্ধান্ত গৃহীত হয় না। তাই শুক্রবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা ঘিরে নেই কোনও উত্তাপ। হিসেব পেশ হওয়ার পাশাপাশি বাজেট পাস হবে। সেই সঙ্গে অ্যাসোসিয়েটস মেম্বারের স্বীকৃতি দেওয়া হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। তাছাড়া বিসিসিআইয়ের তরফে আইসিসি’তে কে প্রতিনিধিত্ব করবেন, তাও ঠিক হবে বার্ষিক সাধারণ সভায়।



