Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্নপূর্ণা যোজনা: ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া বিএসএফের, ফাঁসিদেওয়ায় জখম দুই

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ফাঁসিদেওয়ায় মহিলাদের বিক্ষোভের মধ্যে বিএসএফ লাঠিচার্জ করেছে। কেন এই আন্দোলন? বিস্তারিত পড়ুন।

অন্নপূর্ণা যোজনা: ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া বিএসএফের, ফাঁসিদেওয়ায় জখম দুই
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মঙ্গলবার জেলায় জেলায় বিডিও অফিসে তুমুল বিক্ষোভে শামিল হলেন শ’য়ে শ’য়ে মহিলা। অন্নপূর্ণ যোজনার টাকা ‘হকের’, দাবি করা মহিলাদের শান্ত করতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি সবচাইতে বেশি ভয়ঙ্কর হয় শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায়। ব্লক অফিসে বিক্ষোভকারী মহিলাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ লাঠি চার্জ করে বলে অভিযোগ ওঠে। ঘটনায় জখম হন দুই মহিলা। তুফানগঞ্জ থেকে মাথাভাঙা, ময়নাগুড়ি থেকে নাগরাকাটা সর্বত্র জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ হয়। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, চলতি মাসের ১৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা না ঢুকলে আরও বড়ো আন্দোলনে নামা হবে। 

Advertisement

এদিন সকাল থেকেই দফায় দফায় ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ চলে। খড়িবাড়ির বিডিওকে ঘেরাও করা হয়। ফাঁসিদেওয়া ব্লক অফিসে কয়েকশো মহিলা জমায়েত করে ভাতা চেয়ে স্লোগান দিতে থাকেন। মহিলাদের অভিযোগ, ফর্ম পূরণ করার পরেও তাঁরা কেন প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। একসময় বিডিও অফিস লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে ফাঁসিদেওয়া থানার পুলিশ সহ আসে বিএসএফ। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের উপস্থিতিতেই বিএসএফ জওয়ানরা মহিলাদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। যদিও বিডিও কোনো মন্তব্য করতে চাননি। মহকুমার মাটিগাড়া বিডিও অফিসেও বিক্ষোভ চলে। মহিলাদের দাবি, এক মাসেরও বেশি সময় হল আবেদন ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে। 
ময়নাগুড়ি বিডিও অফিসে প্রথমে বিক্ষোভ দেখান মহিলারা। পরে তাঁরা শিলিগুড়ি থেকে কোচবিহারগামী ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। জয়েন্ট বিডিও ইনজামুল হক এসে কথা বললে পরিস্থিতি প্রশমিত হন। নাগরাকাটায় বিক্ষোভ চালাকালীন বিডিও জয়প্রকাশ মণ্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, যাঁদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাঁদের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। 
শীতলকুচি ও মাথাভাঙা-১ বিডিও অফিসের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন মহিলারা। প্রায় দু’ঘণ্টা মাথাভাঙা-শিলিগুড়ি সড়ক অবরুদ্ধ হয়ে থাকে। ঘটনাস্থলে বিজেপি নেতারা এসে মহিলাদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার ব্যবস্থা করেন। সাহেবগঞ্জে দিনহাটা-২ বিডিও অফিসে বিক্ষোভ শুরু হলে উত্তেজনা ছড়ায়। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে দফায় দফায় রাজ্য ও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তুফানগঞ্জের মহিলারা। তুফানগঞ্জ শহরে তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়কে অবরোধ করা হয়। থানার মোড়ে ১৭ নম্বর জাতীয় সড়কেও কিছুক্ষণের জন্য অবরুদ্ধ করেন মহিলারা। কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকার কয়েকশো মহিলা ব্লক অফিসে এসে বিক্ষোভ দেখান। এরপর মহিলাদের একটি প্রতিনিধিদল বিডিও সন্দীপ ধাড়ার সঙ্গে তাঁদের সমস্যার বিষয়ে আলোচনা করেন। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ