সংবাদদাতা, কান্দি: মাসের পর মাস সরকারি অফিসে গিয়ে জুতোর শুখতলা ক্ষয়ে গেলেও মেলেনি অন্নপূর্ণা যোজনার ভাতা। তাই মহিলারা সরকারি অফিসের প্রতি ভরসা হারিয়েছেন। বদলে তাঁরা ভিড় জমাচ্ছেন স্থানীয় বিজেপির বিধায়কের বাড়ি ও কার্যালয়ে। বড়ঞা বিধানসভা এলাকার এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
ওই বিধানসভার বিজেপির বিধায়ক হলেন সুখেনকুমার বাগদি। তিনি বড়ঞা থানার পাঁচথুপী গ্রামের বাসিন্দা। তাঁর কার্যালয় পাঁচথুপী রামমন্দিরের পাশেই। দুর্গাপুজো মিটতেই ওই দুই জায়গায় প্রতিদিন কয়েকশো করে মহিলা হাজির হচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যাঁদের প্রত্যেকের কাছে একটি করে রয়েছে কাগজের বান্ডিল।
বৃহস্পতিবার সকাল থেকেই বিধায়ক কার্যালয়ের সামনে ভিড় করে দাঁড়িয়েছিলেন কয়েকশো মহিলা। যাঁদের প্রত্যেকের চোখেমুখে ছিল অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার চাপা ক্ষোভ। সঙ্গে নিয়ে এসেছেন ওই প্রকল্পের একটি করে কাগজের বান্ডিল, ফাইল ইত্যাদি। বিধানসভা কার্যালয়ের লাইনে দাঁড়িয়ে পলিশা গ্রামের লালবানু বিবি বলেন, চারমাস ধরে পঞ্চায়েত অফিস, ব্লক অফিস ও সাইবার ক্যাফেতে ঘুরে ঘুরে চপ্পল ক্ষইয়ে ফেললাম। তবুও কোনো সদুত্তর পেলাম না, অন্নপূর্ণা যোজনার টাকাও পেলাম না। কেন পেলাম না, সেটাও কোনো অফিসার বলতে পারছেন না। তাই শেষমেশ বিধায়কের দ্বারস্থ হয়েছি।
সুন্দরপুর গ্রামের মান্নিহার বিবি বলেন, ব্লক অফিসে বারবার গিয়েছি, বিক্ষোভও দেখিয়েছি। আমাদের অফিস থেকে পুলিশ দিয়ে বের করে দেওয়া হয়েছে। কিন্তু পাঁচমাস পরেও কেন ভাতা পেলাম না, সেটা কেউ জানাল না। অথচ অনেক অযোগ্য দিব্যি ভাতা পেয়ে যাচ্ছেন। তাই বিজেপির বিধায়ক আমাদের শেষ ভরসা। বেলগ্রাগেমর শুকরানা বেগম বলেন, অনেকের কাছে শুনেছি যে বিধায়কের কাছে গিয়ে অনেকে ভাতা পেয়েছেন। যে কারণে আর সরকারি অফিস নয়, এবার আমিও বিধায়কের বাড়িতে এসেছি।
এদিন মহিলাদের ভিড় সামাল দিতে বিধায়কের অফিসে দলের কর্মীরা মহিলাদের কাগজপত্র খুঁটিয়ে দেখছিলেন। অনেকে কাগজপত্র জমাও নিচ্ছিলেন। বিধায়ক বলেন, আমাদের সরকার সমস্ত যোগ্যদের ভাতা দিতে চাইছে। কিন্তু অনেক ক্ষেত্রে মহিলাদের কাগজপত্রে ত্রুটি থেকে যাচ্ছে। যে কারণে তাঁরা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের কর্মীরা সেইসব পরীক্ষা করে ঠিক করে কাগজ জমা নিচ্ছেন।
তিনি আরও বলেন, এসব সরকারি অফিসের কাজ হলেও মানুষ ভালোবাসার টানে আমার বাড়িতে ও কার্যালয়ে ভিড় জমাচ্ছেন। তাই বিষয়টি সরকারি হলেও আমি মানুষকে ছুড়ে ফেলে দিতে পারি না। এর জন্য শাস্তি পেতে হলেও পিছুপা হব না।



