নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু কলকাতা নয়, এবার গোটা রাজ্যেই মিড ডে মিল সরবরাহ করবে অন্নামৃত ফাউন্ডেশন। এই মর্মে শনিবার নীতিগত অনুমোদন দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর। তবে কবে থেকে জেলাগুলিতে মিড ডে মিল তারা সরবরাহ করবে, সেই সময়সীমা কিছু উল্লেখ করা হয়নি। আগে জেলাগুলি থেকে পড়ুয়াদের সংখ্যা সংগ্রহ করে দেওয়া হবে সংস্থাটিকে। তারা যখন প্রস্তুত হবে, তার পরেই তাদের দেওয়া হবে ‘লেটার অব অ্যাওয়ার্ড’। কলকাতা শিক্ষা জেলায় মিড ডে মিল সরবরাহের দায়িত্বে রয়েছে ইসকনের অধীন এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। আগের নাম ছিল ইসকন ফুড রিলিফ ফাউন্ডেশন। কলকাতা ছাড়া চারটি জেলায় (হাওড়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর) মিড ডে মিল সরবরাহ করার জন্য বরাত দেওয়া হয়েছিল ইসকনের অধীন আরেক স্বেচ্ছাসেবী সংগঠন অক্ষয়পাত্র ফাউন্ডেশনকে। জুলাইয়ে একটি প্রস্তাব মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠায় সংগঠনটি। আগস্টে তাদের চারটি জেলার দায়িত্ব দেওয়া হয়। সেপ্টেম্বরেই কোনো কারণ না দেখিয়ে সেই অনুমোদন প্রত্যাহার করেছিল সরকার। মনে করা হয়েছিল, আমিষ খাবার দিতে পারবে না বলেই এই সিদ্ধান্ত। তবে অন্নামৃত ফাউন্ডেশনকেই ফের দায়িত্ব দিয়ে সরকার বুঝিয়ে দিল, সেটা আসল কারণ ছিল না। শিক্ষকরা অবশ্য এই সিদ্ধান্তে খুশি। তাঁরা দীর্ঘদিন ধরে মিড ডে মিলের দায়িত্ব কাঁধ থেকে নামানোর জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছিলেন।



