মিড ডে মিল দেবে অন্নামৃত, বাসনের  টাকা দিতে রিকুইজিশন দাবি শিক্ষাদপ্তরের
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সমস্ত জেলাতেই মিড ডে মিল সরবরাহ করবে ইসকনের অধীন স্বশাসিত স্বেচ্ছাসেবী সংগঠন অন্নামৃত ফাউন্ডেশন। কিছুদিন আগে এ ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর। অথচ, বুধবার রাজ্যের প্রায় ২৮ হাজার স্কুলে মিড ডে মিল রান্নার বাসনপত্র দেওয়ার জন্য দপ্তর থেকেই রিকুইজিশন চাওয়ায় ধন্দ শুরু হয়েছে। যদি, অন্নামৃত থেকেই খাবার আসে, তাহলে মিড ডে মিল রান্নার জন্য কেন বাসন দেওয়া হবে, সেই প্রশ্ন উঠছে।

Advertisement

পিএম পোষণের রাজ্য প্রকল্প অধিকর্তার তরফে জেলাগুলিতে পাঠানো এই সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পুরানো বাসনের পরিবর্তে নতুন বাসন দেওয়া হবে। সেই কারণে ৩০ নভেম্বরের মধ্যে এই রিকুইজিশন পাঠাতে হবে জেলাগুলিকে। এই বাসন কেন্দ্রীয়ভাবে কেনা হবে রাজ্য সরকারের অধীন স্বশাসিত সংস্থা মঞ্জুষার মাধ্যমে। তবে, শিক্ষকদের প্রশ্ন, মিড ডে মিল আউটসোর্সিং করা হলে বাসনের পিছনে এত টাকা খরচ করে কী হবে? যদিও, এই বাসন পরিবর্তনের জন্য অনুদান প্রদান একটি নিয়মিত প্রকল্প। এবছর অন্য সংস্থার কাছে দায়িত্ব যাওয়াতেই প্রশ্ন উঠছে। যদিও এক আধিকারিকের বক্তব্য, সংশ্লিষ্ট সংস্থার এই দায়িত্ব হাতে নেওয়ার বিষয়টি সময়সাপেক্ষ। তাই তার আগে পর্যন্তই এই বন্দোবস্ত।